যুদ্ধবিমানে চীনের ‘রেডার লক’ এর ঘটনায় জাপানের পাশে যুক্তরাষ্ট্র
ওকিনাওয়া দ্বীপের কাছে চীনের একটি মহড়া চলাকালে জাপানের যুদ্ধবিমানে দু’বার ফায়ার কন্ট্রোল রেডার তাক করে চীনা যুদ্ধবিমান। এ ঘটনায় প্রথম প্রকাশ্যে চীনের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
জাপানের সামরিক বিমানের দিকে চীনা যুদ্ধবিমানের রেডার তাক করার ঘটনায় প্রথমবারের মতো প্রকাশ্যে বেইজিংয়ের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে চীনের একটি প্রশিক্ষণ মহড়া চলাকালে জাপানের যুদ্ধবিমানে চীনা যুদ্ধবিমান দুইবার ফায়ার কন্ট্রোল রেডার তাক করে। এ ঘটনায় রোববার চীনা রাষ্ট্রদূতকে তলব করে জাপান।
জাপানে ওকিনাওয়ার মূল দ্বীপের দক্ষিণ-পূর্ব আন্তর্জাতিক জলসীমায় চীনের জে-১৫ যুদ্ধবিমানগুলোর এই বিপজ্জনক কার্যকলাপের প্রতিবাদই জাপানি পররাষ্ট্রমন্ত্রণালয় জানায় রাষ্ট্রদূত তলব করে।
এরপরই যুক্তরাষ্ট্র এ ঘটনায় জাপানের পক্ষ নিয়ে কথা বলল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র মঙ্গলবার রাতে বলেন, “চীনের আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে নয়।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র–জাপান মিত্রতা আগের যে কোনও সময়ের তুলনায় আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। মিত্র জাপানের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। আমরা এই বিষয়টিসহ অন্যান্য বিষয়েও নিবিড়ভাবে যোগাযোগ রাখছি।”
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা এ মন্তব্যকে স্বাগত জানিয়ে বলেছেন, “এটি দুই দেশের শক্তিশালী মৈত্রীবন্ধনের প্রমাণ।”
গত সপ্তাহে জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জের কাছে প্রশিক্ষণ মহড়ার সময় চীনের যুদ্ধবিমানের ‘রেডার লক’ এর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার মধ্যে দুই প্রতিবেশী দেশ ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে।
যখন কোনও রেডার সিস্টেম একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে, নিশানা করে এবং সেটির গতিবিধি অনুসরণ করে তখন তাকে ‘রেডার লক’ বলে গণ্য করা হয়।
মূলত এটি হল সম্ভাব্য কোনও হামলা বা হুমকির সংকেতবাহী সামরিক বার্তা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রোববার চীনের এমন কর্মকাণ্ডের কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।
এর আগে গত মাসে তাইওয়ানে সম্ভাব্য চীনা হামলার প্রেক্ষিতে টোকিওর প্রতিক্রিয়া নিয়ে বক্তব্য দিয়ে তাকাইচি চীনের সঙ্গে বিরোধে জড়ান। এরপরই জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে চীন ওই প্রশিক্ষণ মহড়া চালায়।
চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে এবং নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেনি।
দ্বীপটি জাপানের ভূখণ্ড থেকে ১০০ কিলোমিটারের কিছু দূরে, যেখানে টোকিওর জন্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ রয়েছে। এই পথগুলোর ওপর জাপান নির্ভরশীল।
চীনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জাপানের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র যে মন্তব্য করেছে, তার সরাসরি সমালোচনা এড়িয়ে গেছে বেইজিং।
চীনের রাজধানী বেইজিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন চীনের কর্মকাণ্ডের সাফাই দিয়ে বলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী চীনের প্রশিক্ষণ কার্যক্রম নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে হয়েছে।
তিনি দাবি করেন, “আন্তর্জাতিক সম্প্রদায় যেন সঠিক–ভুল চিনতে পারে এবং জাপানের বিভ্রান্তিতে না পড়ে।” মঙ্গলবার রাতে জাপান জানিয়েছে, রুশ ও চীনা বিমানবাহিনীর যৌথ টহল নজরে রাখতে তারা যুদ্ধবিমান পাঠাচ্ছে।
ওদিকে, বুধবার জাপানের কোস্ট গার্ড বলেছে, পূর্ব চীন সাগরের বিতর্কিত কিন্তু জাপান-নিয়ন্ত্রিত সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে চীনের চারটি কোস্ট গার্ড জাহাজ দেখা গেছে। তারা সেগুলোকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
