Published : 08 Dec 2025, 12:23 PM
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস টালোন জানিয়েছেন, দেশটির সরকার ও সশস্ত্র বাহিনী একদল সেনার চালানো অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। অভ্যুত্থানের প্রচেষ্টাকারীদের শাস্তি দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।
রয়টার্স জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় টালোন এ ঘোষণা দেন। এর প্রায় ১২ ঘণ্টা আগে বেনিনের বৃহত্তম শহর ও ব্যাণিজ্য কেন্দ্র কোতনুর বেশ কয়েকটি এলাকায় প্রথম গুলির শব্দ শোনা যায়। এ সময় একদল সেনা দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে গিয়ে বলেন, তারা টালোনকে ক্ষমতাচ্যুত করেছেন।
কিন্তু পরে টালোন টেলিভিশনে সম্প্রচারিত তার নিজের বিবৃতিতে বলেন, “সেনারা দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়ে আমাদের অবস্থান পুনরুদ্ধার এবং বিদ্রোহীদের শেষ প্রতিরোধমূলক অবস্থানগুলো পরিষ্কার করেছে।
“এই প্রতিশ্রুতি ও সংহতি আমাদের সক্ষম করেছে ওই হটকারীদের পরাজিত করতে এবং আমাদের দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে। এই বিশ্বাসঘাতকতার শাস্তি হবে।”
টালোন বলেছেন, অভ্যুত্থান প্রচেষ্টায় যারা হতাহত হয়েছেন এবং পালিয়ে যাওয়া বিদ্রোহীরা যেসব লোককে জিম্মি করেছে তার চিন্তা এখন তাদের নিয়ে।
কিন্তু এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। অভ্যুত্থান প্রচেষ্টার ঘটনায় কোনো হতাহত বা জিম্মি করার ঘটনা ঘটেছে কি না, রয়টার্স তা যাচাই করতে পারেনি।
এই অস্থিরতা পশ্চিম আফ্রিকায় গণতান্ত্রিক শাসনের ক্ষেত্রে তৈরি হওয়া সর্বশেষ হুমকি। এর আগে গত কয়েক বছরে বেনিনের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ নাইজার ও বুরকিনা ফাসোতে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করে। তারপর মালি, গিনি এবং গত মাসে গিনি-বিসাউতেও সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।
রয়টার্স লিখেছে, বেনিনের ক্ষেত্রে এ ধরনের অভ্যুত্থান প্রচেষ্টা অপ্রত্যাশিত ছিল। দেশটিতে সর্বশেষ সফল সামরিক অভ্যুত্থান হয়েছিল ১৯৭২ সালে।
দেশটির সরকারের মুখপাত্র উইলফ্রিড লেঁদ্রে হুঙ্বেডজি জানিয়েছেন, অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে সংযোগ থাকায় রোববার বিকালে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বেনিনের প্রতিবেশী নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, টালোন সরকারের অনুরোধে নাইজেরিয়া বেনিনের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যুদ্ধবিমান পাঠিয়েছিল। অভ্যুত্থান ষড়যন্ত্রকারীদের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সামরিক শিবিরগুলো থেকে হটিয়ে দেওয়ার প্রচেষ্টায় সহায়তা করতে এ পদক্ষেপ নেয় তারা। তবে নাইজেরিয়া প্রতিবেশী দেশটিতে কোনো স্থল সেনা পাঠায়নি।
পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইসিওডব্লিউএএস এবং আফ্রিকান ইউনিয়ন এই অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা করেছে।
পরবর্তীতে এক বিবৃতিতে ইসিওডব্লিউএএস জানিয়েছে, তারা নাইজেরিয়া, সিয়েরা লিওন, আইভরি কোস্ট ও ঘানার সেনাদের নিয়ে গঠিত তাদের স্টান্ডবাই ফোর্সকে তাৎক্ষণিকভাবে বেনিনে মোতায়েনের নির্দেশ দিয়েছে।