২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার সঙ্গে পুতিনের চুক্তি: দক্ষিণ কোরিয়ার কড়া প্রতিক্রিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন অংশীদারিত্ব চুক্তি সইয়ের পর দক্ষিণ কোরিয়া এর প্রতিবাদে রাশিয়ার রাষ্ট্রদূতকে তবল করেছে।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 21 Jun 2024, 06:13 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

উত্তর কোরিয়া সফরে গিয়ে নেতা কিম জং-উনের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপরই এর কড়া প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া রুশ রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানিয়েছে।

রয়টার্সের এক সাংবাদিক শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জর্জি জিনোভাইব কে পররাষ্ট্রমন্ত্রণালয় ভবনে ঢুকতে দেখার কথা জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার ফার্স্ট ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম হং-কিউন পুতিন-কিমের ওই চুক্তি এবং রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা নিয়ে সিউলের দৃষ্টিকোণ তুলে ধরেছেন জর্জি জিনোভাইবের কাছে। সিউলের পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে।

কিম হং-কিউন রুশ রাষ্ট্রদূত জিনোভাইবকে বলেন, “রাশিয়া উত্তর কোরিয়াকে সামরিক সমর্থন দিলে তা দক্ষিণ কোরিয়ার নিরাপত্তায় ক্ষতির কারণ হবে এবং এতে মস্কো ও সিউলের মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়া অবশ্যম্ভাবী।” রাশিয়াকে দায়িত্বশীলভাবে আচরণ করার আহ্বানও জানান তিনি।

জিনোভাইবকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় ডেকে পাঠানোর পরপরই রুশ দূতাবাস থেকে  এক্সে এক পোস্টে বলা হয়, “রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যকার সহযোগিতার লক্ষ্য কোনও তৃতীয়দেশ নয়।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যই উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করেছেন। পশ্চিমা বিশ্ব যেভাবে ইউক্রেইনকে রাশিয়ার বিরুদ্ধে লড়তে সহায়তা করছে, ঠিক সেই আঙ্গিকেই উত্তর কোরিয়াকে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তি সই করেছেন তিনি।

এ চুক্তির আওতায় আগ্রসনের মুখোমুখি হলে একে অপরকে রক্ষা করতে অবিলম্বে সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসবে রাশিয়া ও উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তায়ে-ইয়ুল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন কিম ও পুতিনের সই করা চুক্তির নিন্দা করে বলেছেন, এ চুক্তি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় মারাত্মক হুমকি।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, সিউল ও ওয়াশিংটনের দুই পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এক ফোনকলে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিমের বৈঠকের জবাব কীভাবে দেওয়া যায় তা নিয়ে আলোচনা করেছেন এবং পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখতে একমত হয়েছেন।