২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি: রাশিয়ায় সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রীর বিচার শুরু

তিমুর ইভানভ ২০১৬ সালে উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান; তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি ব্যবস্থাপনা, আবাসন, নির্মাণ ও বন্ধক সংক্রান্ত কাজের দায়িত্বে ছিলেন।

দুর্নীতি: রাশিয়ায় সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রীর বিচার শুরু
কাঠগড়ায় সাবেক রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 05:08 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভের বিচার শুরু হয়েছে। 

সোমবার মস্কোর এক আদালতে তার বিচার শুরু হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রুশ সশস্ত্র বাহিনীর ভেতর থেকে দুর্নীতির মূলোৎপাটনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর থেকে যে অভিযান শুরু করেছেন তারই ধারাবাহিকতায় ক্রেমলিনের সাবেক এ প্রভাবশালী কর্মকর্তার বিচার শুরু হল।

ঘুষ গ্রহণের অভিযোগে গত বছরের এপ্রিলে তিমুরকে গ্রেপ্তার করা হয়। অক্টোবরে তদন্ত কর্মকর্তারা তার বিরুদ্ধে পৌনে চার কোটি ডলার তছরুপের অভিযোগ যুক্ত করেন। তিমুর এসব অভিযোগ অস্বীকার করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেইনের বিরুদ্ধে যে সাঁড়াশি অভিযানে নামেন তা এরই মধ্যে চতুর্থ বছরে গড়িয়েছে। তার মধ্যেই তিনি রাশিয়ার ক্রমবর্ধমান প্রতিরক্ষা বাজেট থেকে অপচয়, অব্যবস্থাপনা ও লুটপাট বন্ধ করার চেষ্টা করছেন।

তার ধারাবাহিকতায় গত বছর সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ডজনখানেক সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

তিমুর ইভানভ ২০১৬ সালে উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান; তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি ব্যবস্থাপনা, আবাসন, নির্মাণ ও বন্ধক সংক্রান্ত কাজের দায়িত্বে ছিলেন। 

পুতিনবিরোধী প্রয়াত নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন তিমুর ও তার পরিবারের বিলাসী জীবনযাপন নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিল। সাবেক এই উপ-প্রতিরক্ষামন্ত্রীর পরিবারের বিলাসবহুল নৌযান, হেলিকপ্টার, ফরাসী উপকূলে ব্যয়বহুল ভ্রমণ, মস্কোতে থাকা ১৯ শতকের একটি প্রাসাদ ও হীরা কেনা নিয়ে তারা অনেকদিন ধরেই প্রশ্ন তুলছিল। 

রুশ নিরাপত্তা বাহিনীর মধ্যে থাকা ধনকুবেরদের মধ্যে তিমুর অন্যতম, বলেছে ফোর্বস ম্যাগাজিনের দেওয়া তথ্যও।