কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহী হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের
রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী বাহিনী গোমা দখলে নেওয়ার দাবি জানানোর কয়েক ঘণ্টা পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই আহ্বান এসেছে।
রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী বাহিনী গোমা দখলে নেওয়ার দাবি জানানোর কয়েক ঘণ্টা পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই আহ্বান এসেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এম২৩ বিদ্রোহী বাহিনীকে তাদের চলমান আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। রোববার কঙ্গো সংকট নিয়ে এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে দেশটির পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমার দিকে এম২৩ এর অগ্রসর না হওয়া এবং ওই অঞ্চলে উপস্থিত 'বহিরাগত বাহিনী'কে অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানায় নিরাপত্তা পরিষদ। রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী বাহিনী গোমা দখলে নেওয়ার দাবি জানানোর কয়েক ঘণ্টা পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বিবৃতি আসে। তবে গোমা পুরোপুরি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে কিনা, তা নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রুয়ান্ডা ও কঙ্গোকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে, পূর্ব কঙ্গোতে রুয়ান্ডা প্রতিরক্ষা বাহিনীর উপস্থিতি এবং রুয়ান্ডার মুক্তির জন্য গণতান্ত্রিক বাহিনী (এফডিএলআর)-এর প্রতি কঙ্গোলিজ সমর্থন নিয়ে বিদ্যমান সমস্যা সমাধান করার ওপর জোর দিয়েছে।
এম২৩ বিদ্রোহীরা চলতি মাসে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় সীমান্তে একের পর এক জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। কয়েকদিন আগেই তারা নর্থ কিভুর রাজধানী গোমাতে হামলা শুরু করে। কঙ্গোতে শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ১৩ জন বিদেশি বিদ্রোহী এম-২৩ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। প্রতিবেশী রুয়ান্ডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকলেও ডিআর কঙ্গো বিদ্রোহের জন্য রুয়ান্ডাকেই দায়ী করে আসছে।
এম২৩ বিদ্রোহী গোষ্ঠী তুতসি জাতিগোষ্ঠীর স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে, বিশেষত হুতু মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে, যেমন এফডিএলআর, যারা তুতসি বিরোধী কার্যকলাপে জড়িত। এফডিএলআর গোষ্ঠীটি হুতুদের প্রতিষ্ঠিত। ১৯৯৪ সালে তারা রুয়ান্ডায় গণহত্যায় সরাসরি জড়িত ছিল, যেখানে ৮০০,০০০ এরও বেশি তুতসি এবং মধ্যপন্থি হুতুদের হত্যা করা হয়। গণহত্যার পর তারা রুয়ান্ডা থেকে পালিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) তে আশ্রয় নেয়।
রোববার নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এবং ব্রিটেন এম২৩ বিদ্রোহীদের সামরিক অগ্রযাত্রায় রুয়ান্ডার সমর্থনের তীব্র নিন্দা জানিয়েছে। যদিও কিগালি বরাবরই এম২৩-কে সমর্থন করার অভিযোগ অস্বীকার করে আসছে।
নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি চলমান অবজ্ঞার নিন্দা জানানো হয়েছে। তারা পূর্ব কঙ্গোতে বাইরের বাহিনীর অনুমোদনহীন উপস্থিতির সমালোচনা করে এবং তাদের অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়। তবে বিবৃতিতে কোনও নির্দিষ্ট বাহিনীর নাম উল্লেখ করা হয়নি।
জাতিসংঘে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া রুয়ান্ডার বিরুদ্ধে জিপিএস জ্যামিং এবং স্পুফিং প্রযুক্তি ব্যবহারের অভিযোগ তুলেছেন। এ বিষয়টি নিরাপত্তা পরিষদের বিবৃতিতেও উঠে এসেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, “উত্তর কিভুতে এম২৩ অভিযানের সমর্থনে জিপিএস জ্যামিং এবং স্পুফিং প্রযুক্তি ব্যবহারের ঘটনার নিরাপত্তা পরিষদের সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন।”
এ ধরনের তৎপরতা বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি এবং সংকটাপন্ন জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলে বলে নিরাপত্তা পরিষদ উল্লেখ করেছে।
