২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিসমাস ট্রি পোড়ানোর প্রতিবাদে সিরিয়ায় বিক্ষোভ

ভিডিওতে মধ্য সিরিয়ার খ্রিস্টান অধ্যুষিত শহর সুকাইলাবিয়াহ এর প্রধান চত্বরে প্রদর্শনের জন্য রাখা ক্রিসমাস ট্রিতে মুখোশধারী যোদ্ধাদের আগুন ধরিয়ে দিতে দেখা যায়।

ক্রিসমাস ট্রি পোড়ানোর প্রতিবাদে সিরিয়ায় বিক্ষোভ
ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2024, 07:01 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

সিরিয়ার হামা শহরের কাছে একটি ক্রিসমাস ট্রি পোড়ানোর প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। 

বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে মধ্য সিরিয়ার খ্রিস্টান অধ্যুষিত শহর সুকাইলাবিয়াহ এর প্রধান চত্বরে প্রদর্শনের জন্য রাখা ক্রিসমাস ট্রি তে মুখোশধারী যোদ্ধাদের আগুন ধরিয়ে দিতে দেখা গেছে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার অভিযানে নেতৃত্ব দেওয়া গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বলেছে, অগ্নিসংযোগের ঘটনায় বিদেশি যোদ্ধাদের আটক করা হয়েছে।

সিরিয়াার নতুন ইসলামপন্থি শাসকদের কাছে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার দাবি নিয়ে রাজধানী দামেস্ক থেকে হামা প্রদেশের সুকাইলাবিয়াহ পর্যন্ত বিক্ষোভকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। 

স্যোশাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওতে দুই মুখোশধারী যোদ্ধাকে সিরিয়ায় ক্রিসমাস উদযাপনের প্রস্তুতি চলার সময়ে ক্রিসমাস ট্রি তে আগুন দিতে দেখা গেছে।

পরে আরেকটি ফুটেজে দেখা যায় সিরিয়ার ক্ষমতাসীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর এক ধর্মীয় নেতা সুকাইলাবিয়াহ তে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতাকে সকালের আগেই ক্রিসমাস ট্রি নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন। খ্রিস্টানদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ওই নেতা একটি ক্রসও ধরে ছিলেন।

মঙ্গলবার ক্রিসমাস ট্রি তে আগুন দেওয়ার ঘটনায় আরও বিক্ষোভ হয়েছে। দামেস্কের কাসা এলাকায় কেউ কেউ সিরিয়ায় বিদেশি যোদ্ধাদের বিরুদ্ধে স্লোগান দেয়।

দামেস্কের বাব তৌমা এলাকায় বিক্ষোভকারীরা একটি ক্রুশ এবং সিরিয়ার পতাকা হাতে স্লোগান দেয়, “আমরা আমাদের ক্রুশের জন্য জীবন উৎসর্গ করব।”

জর্জেস নামের এক বিক্ষোভকারী সাংবাদিকদের বলেন, “আমরা যদি আমাদের দেশে আগের মতো খ্রিস্টান ধর্ম পালন করতে না পারি, তাহলে আমরা আর এখানে থাকব না।”

সিরিয়া কুর্দি, আর্মেনিয়ান, আসিরিয়ান, খ্রিস্টান, দ্রুজ, আলাউয়ি শিয়া এবং আরব সুন্নিসহ অনেক জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর আবাসস্থল। তাদের মধ্যে বর্তমানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।

মাত্র দুই সপ্তাহ আগেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতা বিদ্রোহী বাহিনীর হাতে চলে যায়। ফলে আসাদ পরিবারের ৫০ বছরেরও বেশি দিনের শাসনের অবসান ঘটে।

বিবিসি লিখেছে, এইচটিএস গ্রুপ কীভাবে সিরিয়া শাসন করবে তা দেখার বিষয়।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য এইচটিএসকে এখনও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। যদিও কূটনৈতিক পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সিরিয়ায় সামরিক উপস্থিতি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার উত্তরাঞ্চলীয় দেইর ইজোর শহরে তারা বিমান হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুই সদস্য নিহত হওয়ার কথা জানায়।