২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে ইসরায়েলের হামলায় ঊর্ধ্বতন হিজবুল্লাহ কমান্ডার নিহত

ইসরায়েল-লেবানন সীমান্তে প্রায় ৯ মাসের সহিংসতার মধ্যে সর্বশেষ হিজবুল্লাহর জ্যোষ্ঠ কমান্ডার মোহাম্মদ নিমাহ নাসের নিহত হলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 12:37 AM

Updated : 26 Aug 2026, 09:55 AM

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক ঊধ্র্বতন কমান্ডার নিহত হয়েছেন।

ইসরায়েল-লেবানন সীমান্তে প্রায় ৯ মাসের সহিংসতার মধ্যে সর্বশেষ হিজবুল্লাহর এই জ্যোষ্ঠ কমান্ডার নিহত হলেন। তার নাম মোহাম্মদ নিমাহ নাসের বলে জানানো হয়েছে বিবিসি’র খবরে।

হিজবুল্লাহ বলেছে, তারা এই হত্যাকাণ্ডের জবাবে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ১০০ টি রকেট ছুড়েছে। তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ-পশ্চিম লেবাননে রকেট ছুড়ায় নিয়োজিত একটি ইউনিটের পরিচালনায় ছিলেন নাসের। ‘বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী হামলা পরিচালনা’ করেছিলেন তিনি। 

ইসরায়েলের সেনাবাহিনী আরও জানায়, গত জুন মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছিলেন হিজবুল্লাহ কমান্ডার তালেব সামি আব্দুল্লাহ। তারই সমপদের ও গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন নাসের।

তালেব সামি আব্দুল্লাহ নিহতের পর এক দিনেই ইসরায়েলের উত্তরাঞ্চলে ২০০ টির বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হিজবুল্লাহ।

তারপর থেকেই লেবানন এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলে আসছে। যুদ্ধ ছড়িয়ে পড়ার বিপর্যয়কর পরিণতি নিয়ে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ।

গতবছর ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরই গাজায় ইসরায়েলের পাল্টা হামলার মধ্য দিয়ে শুরু হয়েছিল যুদ্ধ। তখন থেকে এই গাজা যুদ্ধকে কেন্দ্র করেই ইসরায়েল এবং লেবাননের সীমান্তে প্রায় প্রতিদিনই সংঘাত চলে আসছে।