১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্যারিবীয় অঞ্চলে নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্কিন বাহিনী দাবি করেছে, আক্রান্ত নৌযানটি ‘মাদক পাচার কার্যক্রমের’ সঙ্গে জড়িত ছিল।

ক্যারিবীয় অঞ্চলে নৌযানে মার্কিন হামলা, নিহত ৩
ক্যারিবীয় সাগরে আক্রান্ত নৌযান। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 08:23 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় সাগর অঞ্চলে একটি নৌযানে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে।  

শুক্রবারের এ হামলাটি ছিল কয়েক মাস ধরে চলা এ ধরনের একাধিক আক্রমণের মধ্যে সর্বশেষ ঘটনা। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, আক্রান্ত নৌযানটি ‘মাদক পাচার কার্যক্রমের’ সঙ্গে জড়িত ছিল।

তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে তাদের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন গত সেপ্টেম্বর থেকে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানগুলোর বিরুদ্ধে একের পর এক ‘সফল অভিযান’ পরিচালনার দাবি করে আসছে।

কথিত মাদক চোরাচালান বন্ধে সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার ওই উপকূলীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের এক মাদকবিরোধী সামরিক অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলার কাছে ক্যারিবীয় সাগর ও লাতিন আমেরিকার পশ্চিম উপকূলের প্রশান্ত মহাসাগরে ৩০টিরও বেশি নৌযানে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের অভিযোগ, ওই অঞ্চল থেকে চোরাচালান হয়ে আসা মাদকে অনেক মার্কিন নাগরিকের মৃত্যু হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এসব হামলায় শতাধিক সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হয়েছেন। 

এসব হামলার আইনি বৈধতা আছে বলে দাবি করে আসছে ট্রাম্প প্রশাসন। কিন্তু অনেক আইন বিশেষজ্ঞ এসব ঘটনাকে বেআইনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন।