জাপান এয়ারলাইন্সের উড়োজাহাজে ‘অলৌকিক ১৮ মিনিটের’ গল্প
ধোঁয়া কেবিনের ভেতর প্রবেশ করে ছড়িয়ে পড়তে শুরু করলে যাত্রীদের উদ্দেশে কেবিন অ্যাটেনডেন্টরা চিৎকার শুরু করেন…
জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের একটি রানওয়েতে কোস্ট গার্ডের একটি ছোট্ট উড়াজাহাজের সঙ্গে সংঘর্ষে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজে আগুন ধরে গেলেও ককপিটে থাকা তিন পাইলট শুরুতে বিষয়টি বুঝতে পারেননি।
একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট তাদের আগুন লাগার বিষয়টি জানান বলে বিবিসিকে বলেছেন জাপান এয়ারলাইন্সের একজন মুখপাত্র।
আগুন লেগে যাওয়া ফ্লাইট ৫১৬ এ মোট ৩৭৯ জন আরোহী ছিল। সৌভাগ্যক্রমে যাদের সবাইকে জীবিত বের করে আনা সম্ভব হয়েছে। কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তাদের কারো প্রাণনাশের আশঙ্কা নেই।
তবে কোস্ট গার্ডের ড্যাশ-৮ উড়োজাহাজটির ছয় আরোহীর পাঁচজনই ঘটনাস্থলে নিহত হন। ক্যাপ্টেন বেঁচে বের হতে পারলেও মারাত্মক আহত হয়েছেন।
জেএএল এর মুখপাত্র বলেন, “উড়োজাহাজটি রানওয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গে পাইলট হঠাৎ করেই প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করে এবং রানওয়েতে অবস্থানের নিয়ন্ত্রণ হারান। উড়োজাহাজে আগুন ধরে যায়। কিন্তু শুরুতে পাইলট আগুন লাগার বিষয়টি বুঝতে পারেননি। পরে একজন কেবিন অ্যাটেনডেন্ট তাদের বিষয়টি জানান।”
উড়োজাহাজটিতে তিনজন পাইলট এবং ১২ জন কেবিন ক্রু ছিলেন। সংঘর্ষের কারণে উড়োজাহাজের বার্তা ঘোষণা দেওয়ার সিস্টেমটি নষ্ট হয়ে যায়। ফলে জরুরি পরিস্থিতির বিষয়ে যাত্রীদের অবগত করতে ক্রুরা মেগাফোন ও নিজেদের কণ্ঠস্বর ব্যবহার করেন এবং চিৎকার করে করে যাত্রীদের দ্রুত এয়ারবাসটি থেকে বেরিয়ে যেতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আগুন লাগার পর মাত্র ১৮ মিনিটের মধ্যে কেবিন ক্রুরা ৩৬৫ জন যাত্রীর সবাইকে বের করে নিজেরাও জ্বলন্ত উড়োজাহাজটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। জাপানের গণমাধ্যমগুলো একে ‘অলৌকিক ১৮ মিনিট’ বলে বর্ণনা করেছে। এত প্রাণহানির এড়ানোর সব কৃতিত্ব কেবিন ক্রুদের দিয়েছে।
জেএএল এর মুখপাত্র আরো বলেন, “উড়োজাহাজের কয়েকজন যাত্রী সেটিতে আগুন লাগার বিষয়টি জেনে গেছেন সেটা বুঝতে পারার পর কেবিন অ্যাটেনডেন্টরা প্রথমেই যে কাজটি করেন সেটা হলো, যাত্রীদের শান্ত করা। তারা যাত্রীদের দাঁড়াতে নিষেধ করেন। যাত্রীরা দাঁড়িয়ে গিয়ে চলাচলের পথ বন্ধ করে দিলে তাদের বাইরে বের করে আনা খুব কঠিন হতো। যেহেতু উড়োজাহাজের বার্তা ঘোষণার সিস্টেমটি কাজ করছিল না তাই তাদের চিৎকার করে করে যাত্রীদের সব কিছু বোঝাতে হয়েছে। বিশালাকারের ওই এয়ারবাসটিতে যেটা খুবই কঠিন কাজ ছিল।”
যাত্রীরা নিজেদের হ্যান্ড লাগেজ ফেলে রেখেই সারিবদ্ধভাবে জরুরি বহির্গমনের দরজার সামনে আসেন এবং স্লাইড করে সেটি থেকে বেরিয়ে আসেন।
“ধোঁয়া কেবিনের ভেতর প্রবেশ করে ছড়িয়ে পড়তে শুরু করলে..যাত্রীদের উদ্দেশে কেবিন অ্যাটেনডেন্টরা চিৎকার করতে শুরু করেন… ‘সঙ্গের ব্যাগপত্র ফেলে যান!’ ‘হিল জুতা খুলে ফেলুন’ ‘মাথা নিচু রাখুন’।
“কেবিন অ্যাটেনডেন্টরা পরে বলেছেন, মূল যাত্রীদের সহযোগিতার কারণেই সব আরোহীকে দ্রুত এবং নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।”
