২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থি ধর্মগুরুসহ নিহত ১৮

তবে হেরাত নগরীর স্থানীয় খবরে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলেই আভাস পাওয়া যাচ্ছে।

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থি ধর্মগুরুসহ নিহত ১৮
Map of Herat, Afghanistan

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 09:43 PM

Updated : 02 Sep 2022, 09:43 PM

আফগানিস্তানের হেরাত নগরীর একটি মসজিদের বাইরে বোমা বিস্ফোরণে তালেবানপন্থি এক শীর্ষ ধর্মগুরুসহ ১৮ জন নিহত এবং কমপক্ষে ২৩ জন আহত হয়েছে।

তবে স্থানীয় খবরে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলেই আভাস পাওয়া যাচ্ছে।

শুক্রবার জুমার নামাজের জন্য মুসল্লিরা মসজিদে জড়ো হওয়ার সময় ঘটা এই বিস্ফোরণে তালেবানপন্থি ধর্মগুরু মুজিব রহমান আনসারি তার ভাইসহ নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিস্ফোরণটি আত্মঘাতী ছিল বলেই মনে করছেন তারা।

পুলিশ বলছে, জুমার নামাজ শুরুর কিছুক্ষণ আগে গাজারগাহ মসজিদে পৌঁছান আনসারি। সে সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী আনসারির হাতে চুমু দেওয়ার পরই বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়।

হামলার পেছনে কে বা কারা দায়ী তা স্পষ্ট জানা যায়নি। তালেবান এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে নিন্দা করেছে। আফগানিস্তানে সম্প্রতি একাধিক হামলায় তালেবানপন্থি শীর্ষ ব্যক্তিত্ব খুন হওয়ার মধ্যে শুক্রবার সর্বশেষ এমন হামলা হল।

বিবিসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া একাধিক ছবিতে রক্তাক্ত মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। মসজিদ কম্পাউন্ডের বাইরে দেখা গেছে ধ্বংসস্তুপ।

তালেবানপন্থি ধর্মীয় নেতা আনসারি তালেবান শাসনের সমর্থক হিসাবে পরিচিত ছিলেন। ধর্মীয় সমাবেশে কট্টর ভাষায় ভাষণও দিতেন তিনি। গত জুলাইয়ে রাজধানী কাবুলের সমাবেশে তিনি বলেছিলেন, “কেউ আমাদের ইসলামি সরকারের বিরুদ্ধে সামান্যতম কিছু করলেও তার শিরশ্ছেদ করা হবে।”

শুক্রবার মসজিদে হামলার দায় তাৎক্ষণিক কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর আগে তালেবানপন্থি ধর্মগুরুদের হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করেছে।

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পরপরই নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও বর্তমানে অবস্থার অবনতিই হতে দেখা যাচ্ছে। দেশটিতে দুই মাসেরও কম সময়ের মধ্যে মুজিব রহমান আনসারি নিয়ে মোট চারজন তালেবানপন্থি ধর্মগুরু নিহত হলেন।

গত মাসের মাঝামাঝি সময়ে কাবুলে একটি মসজিদে বোমা হামলায় নিহতদের মধ্যে ছিলেন ইমাম মোল্লা আমির মোহাম্মদ কাবুলি।

এ হামলার সপ্তাহখানেক আগে আরেক আত্মঘাতী বোমা হামলায় তালেবানের শীর্ষ ধর্মীয় নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানিও নিহত হন। সেই হামলাসহ আরও কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএস।