২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ৪৫

চলন্ত অবস্থায় বাসের বাম দিকের পেছনের টায়ার ফেটে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ৪৫
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 11:03 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে। কেন্দ্রীয় সরকার ও সাও পাওলো রাজ্যের কর্মকতারা এ খবর জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দমকলকর্মীরা জানায়, সোমবার ভোরে সাও পাওলো রাজ্যের মারিলিয়া শহরের কাছে বিআর-১৫৩ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।  

এতে আহত হয়েছে আরও ৪৫ জন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্রগুলো জানিয়েছে, বাসটিতে করে কৃষি শ্রমিকদের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্য থেকে দক্ষিণাঞ্চলীয় সান্তা কাতারিনা রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা সেখানে আপেল সংগ্রহের কাজ করতে যাচ্ছিলেন।

ব্রাজিলীয় সংবাদপত্র ফলহা ডি এস পাওলো জানায়, চলন্ত অবস্থায় বাসটির বাম দিকের পেছনের টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

ব্রাজিলে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা অহরহই ঘটে। ফেব্রুয়ারির শুরুতেই দেশটিতে আরেকটি বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছিল। আর এর আগে গতবছর অক্টোবরেও একটি বাস দুর্ঘটনায় নিহত হয় ১৭ জন।