চীনের রাষ্ট্রদূতকে তলব, মহড়ার প্রতিবাদ জানাল যুক্তরাষ্ট্র
তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়তে থাকায় হোয়াইট হাউজ চীনা রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে চীনের ‘দায়িত্বজ্ঞানহীন সামরিক তৎপরতার’ নিন্দা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করে তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ার প্রতিবাদ জানিয়েছে হোয়াইট হাউজ।
তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়তে থাকায় হোয়াইট হাউজ বৃহস্পতিবার চীনা রাষ্ট্রদূত কিং গাংকে ডেকে পাঠিয়ে তাইওয়ানের কাছে চীনের ‘দায়িত্বজ্ঞানহীন সামরিক তৎপরতার’ নিন্দা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি শুক্রবার একথা জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “রাতভর চীনের কর্মতৎপরতার পর আমরা এই উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে পদক্ষেপ নিতে পিপলস রিপাবলিক অব চায়নার রাষ্ট্রদূত কিন গাং কে ডেকে পাঠাই।”
“আমরা চীনের সামরিক কর্মকাণ্ডের নিন্দা করেছি। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বজ্ঞানহীন। এটি তাইওয়ান প্রণালীতে আমাদের শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখার দীর্ঘদিনের লক্ষ্য পরিপন্থি।”
কিরবি আরও বলেন, “আমরা একথাও পরিষ্কার করে বলে দিয়েছি যে, বেইজিং যাকিছু করার পথেই পা বাড়াক তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তত রয়েছে। আমরা কোনও সংকট তৈরির চেষ্টা করব না, সেটি আমরা চাইও না।”
“আবার একইসঙ্গে আমরা পশ্চিম প্রশান্ত মহাসাগরের জল এবং আকাশপথে আন্তর্জাতিক আইন মেনে রুটিনমাফিক কাজ চালিয়ে যাওয়া এবং তাইওয়ানকে সমর্থন করার পাশাপাশি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সুরক্ষা থেকে বিরতও হব না, যা আমরা দশকের পর দশক ধরে করে আসছি।”
তাইওয়ানে গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার পেলোসির সফরের প্রতিক্রিয়ায় সামরিক মহড়া শুরু করেছে চীন। তাইওয়ান ঘিরে ছয়টি অঞ্চলে আগামী রোববার দুপুর পর্যন্ত এ মহড়া চলবে।
পেলোসির সফরের বিরুদ্ধে চীন লক্ষ্যনীয়ভাবে অনেক বেশি কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে। কারণ, গত ২৫ বছরের মধ্যে পেলোসিই তাইওয়ান সফরে যাওয়া সবচেয়ে ঊর্ধবতন মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব।
তিনি তাইওয়ানে যাওয়ার আগে থেকেই চীন ক্ষোভ প্রকাশ করে এসেছে। পেলোসি তাইওয়ানে পৌঁছার আগে দিয়ে চীন বেইজিংয়ে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে এর প্রতিবাদ জানিয়েছিল।
