অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসা সেই বস্তু ভারতের রকেটের
পশ্চিম অস্ট্রেলিয়ায় পার্থের প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে গ্রিন হেড সৈকতের কাছে জুলাইয়ের মাঝামাঝিতে ভেসে এসেছিল বিশালাকার ধাতব সিলিন্ডারের মতো বস্তুটি।
অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসা সেই রহস্যময় বস্তুটি আদতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রকেটেরই অংশ বলে নিশ্চিত করে জানিয়েছে ভারত।
পশ্চিম অস্ট্রেলিয়ায় পার্থের প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে গ্রিন হেড সৈকতের কাছে জুলাইয়ের মাঝামাঝিতে ভেসে এসেছিল বিশালাকার ধাতব সিলিন্ডারের মতো বস্তুটি।
একঝলকে বস্তুটি দেখলেমনে হয় পানির ট্যাঙ্কার। উপরের দিকটি গম্বুজের মতো এবং নীচের অংশ এবড়ো-থেবড়ো। পিতলের মতো রঙের প্রায় আড়াই মিটার চওড়া বস্তুটি চকচক করছিল। সৈকতে পড়ে থাকার খবর পেয়েই সেটি দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড় লেগে যায়।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান কর্মকর্তা সোমনাথ সোমবার বিবিসি-কে বলেছেন, বস্তুটি একটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি)।
বস্তুটি কি করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার অস্ট্রেলিয়ার বলে জানান তিনি। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি সোমনাথ।
অস্ট্রেলিয়ার মহাকাশ সংস্থা (এএসএ) গত বুধবার বস্তটি খুব সম্ভবত পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের (পিএসএলভি) তৃতীয় পর্যায়ের খণ্ডাংশ বলে জানানোর পর ভারত একথা বলল। ভারত স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে এই ভেহিকেল ব্যবহার করে থাকে।
আউটার স্পেস অ্যাফেয়ার্সের জাতিসংঘ দপ্তর বলছে, কোনও দেশে মহাকাশের বিদেশি কোনও বস্তু পড়ে পাওয়া গেলে সেটি যে দেশের সেখানে ফেরত পাঠানোটাই নিয়ম। কারণ, মিশন বিশ্লেষণের মতো আরও নানা কারণেই ধ্বংসাবশেষ ফেরত চাওয়া হতে পারে।
কিনতু অস্ট্রেলিয়ার এ ঘটনার ক্ষেত্রে ভারত বলছে, এই বস্তুটি নিয়ে তাদের কোনও লাভ নেই। ওদিকে, পশ্চিম অস্ট্রেলিয়াও এরই মধ্যে বলেছে, বস্তুটি রেখে দিতে তাদেরও কোনও সমস্যা নেই।
