বিদেশি শিক্ষার্থীরা মুখ ফেরাচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে, কমছে বিশ্ববিদ্যালয়ের আয়
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের চেয়ে এবছর কম বিদেশি ছাত্র ভর্তি হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর আয় কমে তাদের মাথায় হাত পড়ছে।
বিদেশি শিক্ষার্থীরা অনেকেই আর যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চাইছে না। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে তারা যেন ভয়ই পাচ্ছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একের পর এক নীতি বদল, যুক্তরাষ্ট্রে বাস করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে দেশটিকে এড়িয়ে গিয়ে অনেকেই উচ্চশিক্ষার জন্য বিকল্প খুঁজে নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের চেয়ে এবছর কম বিদেশি ছাত্র ভর্তি হতে দেখা গেছে। এতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর আয় কমে গিয়ে তাদের মাথায় হাত পড়ছে।
বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে লাভ করে বিশ্ববিদ্যালয়গুলো। ডলার আয় হয় প্রচুর। বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে সুযোগসুবিধাও পেয়ে থাকে।
বিশেষ করে বিভিন্ন গবেষণায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বিদেশিদের সেদেশে আকৃষ্ট করে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বদলে গেছে এই চিত্র।
বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা হু হু করে কমতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের অনেক নামকরা বিশ্ববিদ্যালয়েও। ফলে কমছে বিশ্ববিদ্যালয়গুলোর আয়।
শিকাগোর ডিপল ইউনিভার্সিটি ইতোমধ্যেই ব্যয় কাটছাঁট করার ঘোষণা দিয়েছে। এবছর বিশ্ববিদ্যালয়টিতে আগের চেয়ে ৩০ শতাংশ কম বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে।
গত বছরে ডিপলে মোট ২১ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছিল; এর মধ্যে ২,৫০০ জন ছিল বিদেশি।
শিকাগোর ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে এবার গত বছরের তুলনায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৭৫৫ জন কম। প্রথম বর্ষের আন্তর্জাতিক গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা আরও অনেক বেশি কমেছে। এ হার প্রায় ৬২ শতাংশ।
ভিসা পেতে সমস্যার কারণে এবছর শিক্ষার্থী ভর্তিতে ধস নেমেছে। অনেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নীতি পরিবর্তনের ফলে দেশটিতে পড়াশুনার আগ্রহ হারিয়েছে।
ডিপল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বলেছেন, বিদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে। অনেকের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। নতুন ভিসার আবেদন মঞ্জুর হতেও সময় লাগছে বেশি।
তাছা্ড়া, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় বিদেশি ছাত্রছাত্রীদের সামাজিক যোগাযোগমাধ্যমের খুঁটিনাটি প্রকাশের যে নিয়ম করেছে, সে কারণেও অনেকে দেশটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
গত মে মাসে ট্রাম্পের খড়গ নেমে এসেছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর। বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়টিতে কোনও বিদেশি ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া যাবে না।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ এবং জাতিগত হয়রানির মোকাবেলা করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছিল ট্রাম্প প্রশাসন।
ট্রাম্পের পদক্ষেপ একটি জেলা আদালত সাময়িকভাবে আটকে দিলেও সরকার রায়ের বিরুদ্ধে আবেদন করে।
হার্ভার্ডের মতো একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপও বিদেশি শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজতে বাধ্য করেছে বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের নতুন কঠোর নীতির কারণে ডিপল-সহ যিুক্তরাষ্ট্রের আরও অন্তত ৩৫টি বিশ্ববিদ্যালয় বাজেট কাটছাঁট করেছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ে গত মার্চে ২ হাজারের বেশি কর্মী ছাঁটাই হয়েছে। বিশ্ববিদ্যালয়টির গবেষণা কাজে বরাদ্দ তহবিল থেকে ট্রাম্প প্রশাসন ৮০ কোটি ডলার অনুদান বন্ধ করার পর এই কর্মী ছাঁটাই হয়।
নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ৪২৫টি পদ বাতিল করে দেওয়া হয়। ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বসিয়ে দেওয়া হয় ৬৩০ জন কর্মচারীকে।
প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ কমে যাওয়া, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমা ও অন্যান্য আর্থিক অনটনের কথা উল্লেখ করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে কিছু শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে চাওয়ার সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির কথা উল্লেখ করেছে।
ভারতের এক ছাত্রী জানান, তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভিসার জটিলতা হতে পারে ভেবে সেখানে পড়তে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন। এখন অন্যখানে পড়তে যাবেন বলে ভাবছেন।
চীনের এক শিক্ষার্থী ২০২৪ সালে নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছিলেন। পরে তাকে গবেষণার সুযোগ দেওয়া হলেও তিনি যুক্তরাষ্ট্রের পরিবর্তে যুক্তরাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এমনকি, অধ্যাপকরাও ছাত্রছাত্রীদেরকে যুক্তরাষ্ট্রের কোনও বিকল্প থাকলে সেটি ভেবে দেখার পরামর্শ দিচ্ছেন।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসনের বিরুদ্ধে কঠোর নীতি নিয়েছেন। তার কথায়, যুক্তরাষ্ট্রের চাকরি কিংবা শিক্ষায় মার্কিনিদেরই প্রাধান্য দিতে হবে।
বাইরে থেকে এসে যুক্তরাষ্ট্রে যারা সুযোগসুবিধা নিচ্ছে, তাদের জন্য মার্কিন নাগরিকদেরকে চাকরি বা শিক্ষা ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু ট্রাম্পের এই নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো সমস্যার সম্মুখীন হচ্ছে।
