২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গাড়ি হামলায় ‘জড়িত ছিলেন একাধিকজন’

লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল এবং এফবিআই গোয়েন্দাদেরও বিশ্বাস, নিউ অরলিন্সে মানুষের ভিড়ে ট্রাক হানা এবং গুলি চালানোর ঘটনায় জব্বার একা ছিলেন না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 09:35 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা রাজ্যের নিউ অরলিন্স শহরে নতুন বছর উদযাপনের সময় মানুষের ভিড়ে ট্রাক হানা এবং গুলি চালানোর ঘটনায় ‘একাধিক ব্যক্তি জড়িত ছিলেন’ বলে ধারণা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বুধবার রাতে নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটে এই হামলা সন্দেহভাজন শামসুদ-দীন জব্বার একা ঘটাননি। আরও অনেকে তার সঙ্গে জড়িত ছিলেন সেটি একরকম নিশ্চিত। 

তিনি বলেন, কর্তৃপক্ষের বিশ্বাস- নিউ অরলিন্সে হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যেই একটি বাসায় লাগা আগুনের সঙ্গে বোরবন স্ট্রিটে হামলার ঘটনার যোগ আছে। হামলায় যে বিস্ফোরক ব্যবহার হয়েছে সেটি ওই বাসায় বানানো হচ্ছিল। বাসা ভাড়া নিয়ে বিস্ফোরক বানানো হয়েছে। 

সেদিক থেকে অবকাশকালীন বাসা বুকিং দেওয়া কোম্পানি এয়ারবিএনবি’রও যোগ এই প্রাণঘাতী হামলায় থেকে থাকতে পারে বলে জানান মুরিল। 

তিনি বলেন, “আমরা জানি এই (হামলায় জড়িত) ব্যক্তিরা একটি বাসা ভাড়া করেছিলেন। তারা হামলা চালানোর উদ্দেশ্যে ওই বাড়িকে কাজে লাগিয়েছিলেন এবং তারপর পুরো ঘটনাটি ঘটে।” ঠিক কতজন হামলায় জড়িত ছিল তা শনাক্ত করতে সক্রিয় তদন্ত চলছে বলে জানান তিনি।

গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্তকারীদেরও ধারণা জব্বার একা হামলা চালাননি। তার সঙ্গে আরও মানুষ জড়িত ছিল। তবে এখন পর্যন্ত হামলায় জড়িত থাকার সন্দেহে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নতুন বর্ষবরণের উৎসব চলার মধ্যে গত বুধবার সমবেত মানুষের ওপর একটি পিকআপ ট্রাক তুলে দিয়েছিলেন চালক। এরপর লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে তিনি গুলিবর্ষণ শুরু করেন। হামলায় অন্তত ১৫ জন নিহত হয়। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন।

এফবিআই সন্দেহভাজন হামলাকারীকে শামসুদ-দীন জব্বার (৪২) বলে চিহ্নিত করে। তিনি টেক্সাসের বাসিন্দা ছিলেন। একসময় মার্কিন সেনাবাহিনীতে কাজও করেছেন। এফবিআই হামলার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। 

হামলাস্থল থেকে বিস্ফোরকের পাশাপাশি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকাও পাওয়া গেছে। বিবিসি জানায়, আইএস এখনও এ হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস সমর্থকরা ব্যাপকভাবে হামলার ঘটনায় আনন্দ প্রকাশ করছে। তাদের অনেকেই জব্বারকে ‘শহীদ’ এবং ‘সিংহ’ আখ্যা দিয়ে বীরের মর্যাদা দিচ্ছে।