সাত যুদ্ধ থামানোর জন্য সাতটি নোবেল পুরস্কার দাবি ট্রাম্পের
ভারত-পাকিস্তানসহ বিশ্বে ৭ টি যুদ্ধ থামিয়েছেন দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, প্রতিটির জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য।
ভারত-পাকিস্তান সংঘাত থামানোর দাবি বেশ কয়েকবারই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আবার ট্রাম্প দাবি করলেন ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন তিনিই।
আর কেবল তাই নয়, ভারত-পাকিস্তানসহ বিশ্বে ৭ টি যুদ্ধ থামিয়েছেন দাবি করে এবার ট্রাম্প বলেছেন, প্রতিটির জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য।
এনডিটিভি জানায়, শনিবার ‘আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স’ ডিনারে এ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, “বিশ্ব মঞ্চে আমরা আবারও এমন কিছু করছি যে, আমরা সম্মানিত হচ্ছি- এমন মাত্রায়, যা আগে কখনও হয়নি।
“আমরা শান্তি চুক্তি তৈরি করছি। যুদ্ধ থামাচ্ছি। যেমন: আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও।”
তিনি বলেন, “এই ভারত-পাকিস্তানের কথাই ভাবুন। জানেন কী ভাবে তাদের যুদ্ধ থামিয়েছি? বাণিজ্যর মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। আমি উভয় নেতাকেই গভীর শ্রদ্ধা করি।
কিন্তু যদি আপনি ওই পরিস্থিতিগুলোর দিকে খেয়াল করেন, দেখবেন সব যুদ্ধই আমরা থামিয়েছি।”
ভারত-পাকিস্তান ছাড়াও থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজ়ারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গোর যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। এর ৬০ শতাংশই বাণিজ্যের কারণে থেমেছে বলে তিনি দাবি করেন।
ট্রাম্প বলেন, “ভারতের ক্ষেত্রে বলেছিলাম- দেখুন, আপনারা লড়াই না থামালে আমরা বাণিজ্য করব না। আর তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা থেমে গেল।”
ট্রাম্প আরও বলেন, “আমাকে বলা হয়েছিল যদি আমি রাশিয়া-ইউক্রেইন সংঘাত থামাতে পারি, তাহলে আমি শান্তিতে নোবেল পুরস্কার পাব।”
কিন্তু যুদ্ধ থামেনি। ট্রাম্প বলেন, “ঠিক আছে। তাহলে বাকি ৭ টি যুদ্ধে বিষয়ে কী বলা হবে?প্রতিটির জন্যই আমার একটি করে নোবেল পাওয়া উচিত।”
“তারা বলল, কিন্তু স্যার, আপনি রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ থামাতে পারলে নোবেল পাবেন। আমি বললাম, আমি সাতটি যুদ্ধ থামিয়েছি। ওটা একটাই মাত্র যুদ্ধ এবং সেটি বড় যুদ্ধ।”
ট্রাম্প জানান, তিনি ভেবেছিলেন রাশিয়া ইউক্রেইন যুদ্ধ শেষ করা সহজ হবে। কারণ তার সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাল সম্পর্ক আছে। পুতিন তাকে হতাশ করেছেন।
“কিন্তু তার সঙ্গে সম্পর্ক আছে। আমি ভেবেছিলাম এ যুদ্ধ সমাধান করা সবচেয়ে সহজ হবে। তবে আমরা এটি করব। একভাবে নয়ত অন্যভাবে যেভাবেই হোক না কেন”, বলেন মার্কিন প্রেসিডেন্ট।
