Published : 07 Aug 2025, 04:41 PM
চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে একটি ঝুলন্ত সেতুর তার ছিঁড়ে ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
বুধবার বিকাল ৬টা ১৮ মিনিটের দিকে ইলি কাজাখ স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে। সেতুটির একটি তার ছিঁড়ে যাওয়ায় ওই ৫ জন নিচে পড়ে যান।
এ ঘটনার পরপরই ওই কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে; দুর্ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা সিনহুয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঝুলন্ত সেতুটির একপাশ কাত হয়ে থাকতে এবং হাতলের মতো অংশটুকুকে সেতুর পাটাতন ও মাটির মাঝামাঝি ঝুলে থাকতে দেখা গেছে। সেতুটির একটি অংশ নদীর ওপর ঝুলছে। বার্তা সংস্থা রয়টার্স ওই ভিডিওগুলোর সত্যতা যাচাই করে নিশ্চিত হয়েছে।
ভিডিওগুলোতে সেতুর নিচে দুইজনকে পড়ে থাকতে দেখা গেছে।
একটি ভিডিওতে আহত একজনকে একটি কাঠের তক্তা দিয়ে বানানো কিছু একটার ওপর রাখতে দেখা গেছে। অন্য এক ভিডিওতে দেখা যায়, লোকজন অস্থায়ী ওই স্ট্রেচারটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন।
যে পর্যটন কেন্দ্রে এ দুর্ঘটনাটি ঘটেছে সেটি সিয়াতা নামে পরিচিত। ৬৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এ অঞ্চলটি প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। এখানে গিরিপথ, উপত্যকা, নদী এবং একটি প্রাচীন নগরের ধ্বংসাবশেষ দেখা যায় বলে সরকারিভাবে প্রকাশিত তথ্যে জানা গেছে।
দুর্ঘটনা পরবর্তী তদন্ত এবং আহতদের চিকিৎসা তদারকিতে চীনের কেন্দ্রীয় সরকার ঘটনাস্থলে একটি টাস্ক ফোর্স পাঠিয়েছে বলে সিনহুয়ার আলাদা এক প্রতিবেদনে জানানো হয়েছে।