ফিলিস্তিনের খবর প্রচারে বাধা দিচ্ছে ফেইসবুক
ফিলিস্তিনের খবর প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ফেইসবুক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য।
ইসরায়েল-গাজা যুদ্ধ চলার এ সময়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর খবর বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক।
ফিলিস্তিনের খবর প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ফেইসবুক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য।
ফেইসবুকের তথ্য-উপাত্তর চুলচেরা বিশ্লেষণ করেছে বিবিসি। এতে দেখা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনের বার্তাকক্ষগুলোর সঙ্গে দর্শকশ্রোতা ও পাঠকদের সংশ্রব কমে গেছে।
তবে ফেইসবুকের মালিক মেটা বলেছে, ইচ্ছাকৃতভাবে কোনও কণ্ঠস্বর দমনের কোনওরকম অভিযোগ ‘স্পষ্টতই মিথ্যা’।
বিবিসি ফাঁস হওয়া কিছু নথিও দেখেছে। এতে দেখা গেছে মেটার মালিকানাধীন আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম কর্তৃপক্ষও ২০২৩ সালের অক্টোবরের পর থেকে তাদের ফিলিস্তিনি ব্যবহারকারীদের মন্তব্যগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর হাতে গোনা কয়েকজন বহিরাগত সাংবাদিক সেখানে ঢুকতে পেরেছেন। তাও ইসরায়েলি সেনাবাহিনীর পাহারায় তারা সেখানে ঢুকতে সক্ষম হন।
এ পরিস্থিতিতে যারা গাজার ভেতরের খবর শুনতে চান তাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোই সংবাদের মূল উৎস।
তাদের কাছে পশ্চিম তীরের বাইরে থেকে পরিচালিত হওয়া প্যালেস্টাইন টিভি, ওয়াফা নিউজ এজেন্সি এবং প্যালেস্টাইন আল-ওয়াতান নিউজের মতো সংবাদমাধ্যমগুলোর ফেইসবুক পেজ গুরুত্বপূর্ণ সংবাদসূত্র।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের হামাস যোদ্ধাদের হামলার আগে ও পরে এক বছর ধরে ২০টি ফিলিস্তিনি সংবাদমাধ্যমের ফেইসবুক পেজের সঙ্গে ব্যবহারকারীদের সম্পৃক্ততা যাচাই করেছে বিবিসি।
একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে মানুষ এর বিষয়বস্তু দেখে নানা মন্তব্য, প্রতিক্রিয়া জানানো এবং বিষয়বস্তুটি পোস্ট বা শেয়ার করার মধ্য দিয়ে পেজটির সঙ্গে সম্পৃক্ত হন।
যুদ্ধের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকশ্রোতা ও পাঠকের এই সম্পৃক্ততা সাধারণত বাড়ে। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনি সংবাদমাধ্যমের পেজে পাঠক সম্পৃক্ততা ৭৭ শতাংশ কমতে দেখা গেছে।
ফেইসবুকে ফিলিস্তিনি টিভির অনুসারীর সংখ্যা ৫৮ লাখ। এই সংবাদমাধ্যমের সাংবাদিকরা বিবিসি-র সঙ্গে তাদের পাঠকদের পরিসংখ্যান ভাগ করেছেন। তাদের ভাষ্য মতে, ফেইসবুকে তাদের পোস্ট দেখার সংখ্যা এখন ৬০% হ্রাস পেয়েছে।
ফিলিস্তিনি টিভির একজন সাংবাদিক তারিক জিয়াদ বলেন, “মিথস্ক্রিয়া পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে। মানুষের কাছে আমাদের পোস্টগুলো পৌঁছানো বন্ধ হয়ে গেছে।’
গত এক বছর ধরে, ফিলিস্তিনি সাংবাদিকরা আশঙ্কা প্রকাশ করে আসছেন যে, তাদের অনলাইন পোস্টগুলো মেটা নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ কতজন লোক এটি দেখবে সেটা মেটা সীমাবদ্ধ করে দিয়েছে।
এটি পরীক্ষা করার জন্য, বিবিসি ইয়েদিওত আহরোনত, ইজরায়েল হায়োম এবং চ্যানেল ১৩ এর মতো ২০ টি ইসরায়েলি সংবাদ সংস্থার ফেইসবুক পেজের তথ্য বিশ্লেষণ করেছে। এই পেজগুলো প্রচুর পরিমাণে যুদ্ধ-সম্পর্কিত বিষয়বস্তু পোস্ট করেছে। তাদের অনুসারীর সংখ্যাও প্রায় ৩৭% বেড়েছে।
এর আগেও ফিলিস্তিনি ও মানবাধিকার সংগঠনগুলো মেটার বিরুদ্ধে অনলাইন কার্যক্রম বস্তুনিষ্ঠভাবে পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনেছিল।
২০২১ সালে মেটার তত্বাবধানে পরিচালিত এক স্বতন্ত্র প্রতিবেদনে বলা হয়েছিল, ইচ্ছাকৃত নয় বরং মডারেটরদের মধ্যে আরবি ভাষার দক্ষতার অভাবের কারণে এমনটি হচ্ছে।
ভাষাদক্ষতা না থাকায় মডারেটররা শব্দ এবং বাক্যাংশগুলো আক্রমণাত্মক ভাবে ব্যাখ্যা করে ফেলায় স্বাভাবিকভাবেই ফেইসবুকের নীতি অনুসারে নিউজগুলো ব্যবহারকারীর কাছে কম পৌঁছেছে।
এই ব্যাখ্যা কতটুকু সত্য তা জনতে স্কাই নিউজ, আরাবিয়া ও আল-জাজিরাসহ ফিলিস্তিনের বাইরে আরবি ভাষার ৩০টি প্রভাবশালী সংবাদমাধ্যমের ফেইসবুক পেজ বিশ্লেষণ করেছে বিবিসি। বিশ্লেষণে দেখা গেছে, এই পেইজ গুলোর সঙ্গে পাঠকদের সম্পৃক্ততা গড়ে প্রায় ১০০% বৃদ্ধি পেয়েছে।
বিবিসির গবেষণার বিষয়ে জানতে চাওয়া হলে মেটা কর্তৃপক্ষ বলেছে, তারা তাদের কন্টেন্ট ও নীতির বিষয়ে কিছু গোপন রাখেনি।
মেটা ব্যাখ্যা দিয়ে বলেছে, তারা তাদের নীতির সঙ্গে বাকস্বাধীনতার ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। কারণ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে এবং মেটা নীতিমালার অনুযায়ী এই গোষ্ঠী বিপজ্জনক হিসাবে তালিকাভুক্ত।
মেটার এক মুখপাত্র বলেন, "আমরা স্বীকার করছি যে আমরা ভুল করেছি, কিন্তু ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কিছু কণ্ঠ রোধ করে দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা।”
