টেক্সাসের হিউস্টোনে শক্তিশালী ঝড়ে নিহত ৪
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে এই ঝড়ে গাছ উপড়ে পড়ে দুই জন এবং ক্রেন পড়ে একজনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে বজ্রঝড়ে ৪ জনের প্রাণহানি হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে প্রায় ১০ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
হিউস্টোনের মেয়র জন হুইটমায়ার বলেছেন, হারিকেন আইকের সমতুল্য প্রতি ঘণ্টায় বাতাসের ১০০ মাইল গতিবেগের ঝড়ে শহরতলীতে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবিসি জানায়, ঝড়ে গাছ উপড়ে পড়ে দুই জনের এবং ক্রেন উড়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে। ঝড়টি এখন কাছের লুইজিয়ানায় ধেয়ে যাচ্ছে। গাল্ফ কোস্টে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
হিউস্টোনে ঝড়ের তাণ্ডবে ট্রাফিক লাইট নিভে গেছে, অফিসের জানালা উড়ে গেছে এবং শহরের রাস্তা জুড়ে কাচ ছড়িয়ে পড়েছে। ঝড়ের কারণে শুক্রবার হিউস্টোনের ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্টে স্কুলের ক্লাস বাতিল হয়েছে।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার জন্য সতর্ক করে দিয়েছিলেন মেয়র। হিউস্টোনের জাতীয় আবহাওয়া দপ্তর একাধিক কাউন্টির জন্য আকস্মিক বন্যা ও তীব্র বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে।
শহরের অগ্নিনির্বাপন বিভাগের প্রধান জানিয়েছেন, শহরের বাসিন্দাদের কাছ থেকে জরুরি ফোনকল পাচ্ছেন তারা। বেশিরভাগই গ্যাস লিক এবং তার পড়ে থাকার কথা বলছেন।
পাওয়ারআউটেজ ডট ইউএস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টেক্সাসে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।
বিদ্যুৎবিভ্রাট বেশি হয়েছে হ্যারিস কাউন্টিতে, যেখানে হিউস্টোনের অবস্থান। শহরটিতে ৪৭ লাখের বেশি মানুষের বাস। তাছাড়া লুইজিয়ানায় ২ লাখ ১৫ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে।
অন্যদিকে, গাল্ফ কোস্ট জুড়ে তিন কোটিরও বেশি মানুষ শুক্রবার বিরূপ আবহাওয়ার ঝুঁকির মুখে রয়েছে।
গত মাসে আরেকটি প্রাণঘাতী ঝড় টেক্সাসের ওপর দিয়ে বয়ে যায়। সে সময় টর্নেডো ক্যাটিতে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছিল।
