১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফিলিপিন্সে আইসিসি পরোয়ানাভুক্ত সিনেটরকে ধরার অভিযান, গুলির শব্দ

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এক সিনেটরকে ধরতে সেনারা আইনসভা ভবনের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার কয়েক মিনিট পরই গুলি শুরু হয়।

ফিলিপিন্সে আইসিসি পরোয়ানাভুক্ত সিনেটরকে ধরার অভিযান, গুলির শব্দ
ফিলিপিন্স সিনেট। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 09:23 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এক সিনেটরকে গ্রেপ্তার করতে পুলিশ ও নৌ সেনারা ফিলিপিন্সের সিনেটে অভিযান চালাতে ঢুকলে সেখানে একডজন রাউন্ডেরও বেশি গুলি চলেছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক জামেলা আলিন্দোগান জানান, বুধবার সন্ধ্যায় রাইফেল ও সুরক্ষামূলক সরঞ্জাম পরা সেনারা আইনসভা ভবনের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার কয়েক মিনিট পরই গুলি শুরু হয়।

এসময় সাংবাদিকরা নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াদৌড়ি শুরু করেন। প্রায় ১৫ রাউন্ড গুলি ছোড়া হয় এবং নিরাপত্তা বাহিনী ভবন খালি করার নির্দেশ দেয় বলে জানান জামেলা।

তবে গুলি কে বা কারা ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফিলিপিন্সের সিনেটর রোনাল্ড দেলা রোসা এর আগে বলেছিলেন, তিনি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন এবং তাকে আটক করে আইসিসিতে পাঠানো থেকে বিরত রাখতে তিনি মানুষজনকে আইনসভায় সমবেত হওয়ার আহ্বানও জানিয়েছিলেন।

বুধবার ফেইসবুকে পোস্ট করা এক ভিডিওতে দেলা রোসা লেখেন, “আমি আপনাদের কাছে আবেদন করছি। আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। আরেক ফিলিপিনোকে হেগ-এ নিয়ে যেতে দেবেন না।”

এই বার্তার পর সিনেট সার্জেন্ট-অ্যাট-আর্মস মাও আপলাস্কা বলেন, ফিলিপিন্সের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আগে থেকেই সিনেট ভবনের বাইরে জড়ো হয়েছেন।

ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের ‘মাদকবিরোধী যুদ্ধ’-চলার সময় জাতীয় পুলিশের প্রধান ছিলেন রোনাল্ড দেলা রোসা।

গতবছর নভেম্বরে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। সোমবার আইসিসি রোসার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ করেছে।

আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)- এর হাতে তুলে না দিতে ফিলিপিন্সের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকেও আহ্বান জানিয়েছেন দেলা রোসা।