২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার হাফতার বাহিনীর কাছে ৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি পাকিস্তানের

হাফতারের বেনগাজিভিত্তিক জাতীয় সেনাবাহিনী (এলএনএ) লিবিয়ার পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে। দেশটির গুরুত্বপূর্ণ তেলখনিগুলো এসব অঞ্চলেই অবস্থিত।

লিবিয়ার হাফতার বাহিনীর কাছে ৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি পাকিস্তানের
এক অনুশীলন চলাকালে সেনাদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন পাকিস্তান সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 12:25 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

লিবিয়ার বেনগাজিভিত্তিক জাতীয় সেনাবাহিনীর কাছে ৪০০ কোটি ডলারেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির একটি চুক্তি করেছে পাকিস্তান, জানিয়েছেন চার পাকিস্তানি কর্মকর্তা। 

উত্তর আফ্রিকার অস্থিরতা কবলিত দেশটিতে অস্ত্র বিক্রির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও এ চুক্তিটি করা হয়েছে।    

রয়টার্স ওই চার কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, গত সপ্তাহে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) উপপ্রধান সাদ্দাম খলিফা হাফতারের মধ্যে এক বৈঠকের পর চুক্তিটি চূড়ান্ত হয়। এটি পাকিস্তানের বৃহত্তম অস্ত্র বিক্রি চুক্তিগুলোর একটি।

রয়টার্স জানিয়েছে, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যুক্ত ওই কর্মকর্তারা তাদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। 

২০১১ সালে নেটো সমর্থিত বিদ্রোহে একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতন হওয়ার পর থেকে লিবিয়ায় অস্থিরতা বিরাজ করছে। দেশটি প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে ভাগ হয়ে আছে। এই পরিস্থিতিতে এলএনএ-র সঙ্গে এই অস্ত্র চুক্তি সমালোচনামূলক যাচাইয়ের মুখে পড়তে পারে। 

চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগে এর একটি কপি রয়টার্স দেখেছে। তালিকায় পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি করা ১৬টি জেএফ-১৭ বহুমুখী যুদ্ধবিমান এবং পাইলটদের প্রশিক্ষণ দিতে ব্যবহৃত ১২টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান রয়েছে।    

ওই পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে একজন তালিকাটি নির্ভুল বলে নিশ্চিত করে জানিয়েছেন। আর দ্বিতীয় আরেক কর্মকর্তা জানিয়েছেন, তালিকায় যে সামরিক সরঞ্জামগুলোর উল্লেখ আছে তার সবগুলোই চুক্তির অংশ কিন্তু সঠিক সংখ্যা দেয়নি। 

ওই কর্মকর্তাদের একজন জানিয়েছেন, চুক্তিতে ভূমি, সাগর ও আকাশে ব্যবহারের উপযুক্ত সরঞ্জাম বিক্রিও অন্তর্ভুক্ত আর এগুলো আড়াই বছরের মধ্যে সরবরাহ করার কথা। তিনি আরও জানান, এর মধ্যে জেএফ-১৭ যুদ্ধবিমানও থাকতে পারে। 

তাদের মধ্যে দুই কর্মকর্তা জানান, এটি ৪০০ কোটি ডলারেরও বেশি মূল্যের একটি চুক্তি। অন্য দুই কর্মকর্তা জানিয়েছেন, চুক্তিটি ৪৬০ কোটি ডলারের। 

এলএনএর দাপ্তরিক গণমাধ্যম চ্যানেল রোববার জানিয়েছে, এলএনএ পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে আর এতে অস্ত্র বিক্রি, যৌথ প্রশিক্ষণ ও সামরিক উৎপাদন অন্তর্ভুক্ত।  

রোববার আল-হাদাত টেলিভিশনে সম্প্রচারিত এক মন্তব্যে হাফতার বলেছেন, “আমরা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সামরিক সহযোগিতার এক নতুন পর্ব শুরুর ঘোষণা দিচ্ছি।” 

এই চুক্তির বিষয়ে মন্তব্যের অনুরোধে বেনগাজির কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।  

জাতিসংঘ ত্রিপোলিভিত্তিক প্রধানমন্ত্রী আব্দুলহামিদ দ্বেইবাহের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য সরকারকে স্বীকৃতি দিয়েছে। ত্রিপোলিসহ লিবিয়ার অধিকাংশ পশ্চিমাঞ্চল তাদের নিয়ন্ত্রণে আছে। 

অপরদিকে হাফতারের এলএনএ লিবিয়ার পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে। দেশটির গুরুত্বপূর্ণ তেলখনিগুলো এসব অঞ্চলেই অবস্থিত। এলএনএ ত্রিপোলিভিত্তিক সরকারের কর্তৃত্ব স্বীকার করে না।