২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘সানসান’, জরুরি সতর্কতা

আবহাওয়া সংস্থা জরুরি সতর্কতা জারি করে বলেছে, শক্তিশালী এ টাইফুনের প্রভাবে বন্যা, ভূমিধস হতে পারে এবং দমকা বাতাসের তোড়ে ভেঙে পড়তে পারে ঘরবাড়ি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 06:22 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

দক্ষিণ-পশ্চিম জাপানের ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘সানসান’। বৃহস্পতিবারেই আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। কর্মকর্তারা বলছেন, অঞ্চলটিতে এ ঝড় হতে পারে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ ঝড়গুলোর অন্যতম।

আবহাওয়া সংস্থা এরই মধ্যে ঝড়ের পূর্বাভাস পেয়ে জরুরি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, এই টাইফুনের প্রভাবে বন্যা, ভূমিধস হতে পারে এবং দমকা বাতাসের তোড়ে ভেঙে পড়তে পারে ঘরবাড়ি।

টাইফুন সানসান যেসব জায়গার ওপর দিয়ে বয়ে যেতে পারে সেসব এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। টয়োটার মতো নামকরা গাড়ি তৈরি কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে বেশকিছু ফ্লাইট এবং ট্রেন চলাচলও।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বুধবার পূর্বাভাস দিয়ে বলেছে, টাইফুন সানসান ইয়াকুশিনা দ্বীপ থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় কায়ুশু দ্বীপে উত্তরের কাগোশিনা এবং মিয়াজাকাই প্রশাসনিক এলাকার দিকে ধেয়ে যাচ্ছে ঝড়টি।

বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৫২ কিলোমিটার। এ টাইফুনকে ‘খুবই শক্তিশালী’ শ্রেনির বলে গণ্য করা হচ্ছে। জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেছেন, সানসান বৃহস্পতিবার প্রবল শক্তি নিয়ে দক্ষিণাঞ্চলীয় কায়ুশু দ্বীপের ওপর দিয়ে বয়ে যাবে। অতীতের যে কোনও ঝড়ের চেয়ে এটি শক্তিশালী হতে পারে। 

এর প্রভাবে জোরালো বাতাস, উঁচু ঢেউ, ভূমিধস, নিচু এলাকায় বন্যা এবং নদীর পানি ফুলে ওঠা বা উপচানোর বিষয়ে সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা। আবহাওয়া সংস্থার প্রধান সাতোসি সুগিমোতো এক সাংবাদ সম্মেলনে মানুষজনকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আবহওয়া সংস্থা বলছে, আগামী দিনগুলোতে কায়ুশু দ্বীপে আঘাত হানার পর টাইফুন সানসান মধ্য ও পূর্বাঞ্চলের দিকে ধেয়ে যেতে পারে, যার মধ্যে পড়তে পারে জাপানের রাজধানী টোকিও।

কায়ুশুর কাগোশিমা প্রশাসনিক এলাকা এবং জাপানের মধ্যাঞ্চলের আইচি ও সিজুওকা প্রশাসনিক এলাকার ৮ লাখের বেশি অধিবাসীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জাপানে গত সপ্তাহে টাইফুন আমপিলের তাণ্ডবের পর সানসান আরেকটি শক্তিশালী ঝড় হতে চলেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলে উপকূল রেখার কাছাকাছি ঝড় সৃষ্টি হয়ে দ্রুত শক্তিশালী হয়ে উঠে উপকূলে আঘাত হানছে, বলা হয়েছে গতমাসে প্রকাশিত এক গবেষণার ফলে।