২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলা সরকারকে সহিংসভাবে উৎখাত করতে চায় যুক্তরাষ্ট্র, অভিযোগ কিউবার

কিউবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সরকারকে উৎখাত করলে তা অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন কাজ হবে।

ভেনেজুয়েলা সরকারকে সহিংসভাবে উৎখাত করতে চায় যুক্তরাষ্ট্র, অভিযোগ কিউবার
কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর নবম মৃত্যু বার্ষিকীতে হাভানায় এক অনুষ্ঠানে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেল। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 04:11 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সরকারকে সহিংসভাবে ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছে বলে কিউবা অভিযোগ করেছে। ক্যারিবীয় অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন সামরিক উপস্থিতিকে ‘অতিরঞ্জিত ও আগ্রাসী’ হুমকি বলে অভিহিত করেছে হাভানা।  

মঙ্গলবার কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেজ এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাত করলে তা অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন কাজ হবে। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হবে।   

শনিবার রয়টার্স মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আসছে দিনগুলোতে ভেনেজুয়েলা সম্পর্কিত অভিযানের নতুন পর্ব শুরু করার জন্য তৈরি হয়ে আছে।

দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যেসব বিকল্প বিবেচনাধীন তার মধ্যে মাদুরোকে উৎখাত করার প্রচেষ্টাও আছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, তিনি ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের চেষ্টা করছেন না।  

২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা মাদুরোর অভিযোগ, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন। ভেনেজুয়েলার সামরিক বাহিনী ও নাগরিকরা এ ধরনের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ করবে বলে প্রত্যয় জানিয়েছেন মাদুরো।

রড্রিগেজ বলেছেন, “এই পাগলামী বন্ধ করার জন্য আমরা যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আবেদন জানাচ্ছি। মার্কিন সরকার অগণিত সংখ্যক মানুষের মৃত্যুর কারণ হতে পারে এবং এই গোলার্ধে সহিংসতা ও অস্থিরতার একটি পরিস্থিতি তৈরি করতে পারে যা অকল্পনীয় হতে পারে।”  

ক্যারিবীয় অঞ্চলে কয়েক মাস ধরেই জোরদার সামরিক অবস্থান গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর জন্য সিআইএকে অনুমতি দিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) গুরুত্বপূর্ণ এয়ারলাইন্সগুলোকে ভেনেজুয়েলার আকাশসীমায় উড়ার সময় একটি ‘সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির’ বিষয়ে সতর্ক করেছে আর তাদের সাবধান থাকার আহ্বান জানিয়েছে।

এরপর তিনটি আন্তর্জাতিক বিমান সংস্থা শনিবার ভেনেজুয়েলা থেকে ফ্লাইট ছাড়ার সূচি বাতিল করেছে।

যুক্তরাষ্ট্রে মাদক আমদানির ক্ষেত্রে তথাকথিত ভূমিকার জন্য কার্টেল দে লস সোলস নামের ভেনেজুয়েলান একটি গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ওয়াশিংটন। সোমবার থেকে এ ঘোষণা কার্যকর হয়েছে। 

মাদুরো কার্টেল দে লস সোলসের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। কিন্তু মাদুরো অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

ট্রাম্প বলেছেন, কার্যকর হওয়া ঘোষণা যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার অবকাঠামো ও মাদুরোর সম্পদে আঘাত হানার আইনি অনুমোদন দেবে। তবে এর পাশাপাশি তিনি সম্ভাব্য আলোচনার মাধ্যমে সমস্যার কূটনৈতিক সমাধানের আশা করছেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন: 

ভেনেজুয়েলায় 'নতুন অভিযান শুরু করবে' যুক্তরাষ্ট্র