২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে অচিরেই সীমিত আকারে স্থল হামলা চালাবে ইসরায়েল: যুক্তরাষ্ট্র

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, এই স্থল হামলা ২০০৬ সালে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চালানো অভিযানের চেয়ে ছোট আকারে চালানো হবে।

লেবাননে অচিরেই সীমিত আকারে স্থল হামলা চালাবে ইসরায়েল: যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 12:36 AM

Updated : 26 Aug 2026, 10:34 AM

লেবাননে স্থল হামলা চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে যত দ্রুত সম্ভব সীমিত আকারে স্থল হামলা চালাবে ইসরায়েল। সোমবারেই এ হামলা চালানো হতে পারে।

হামলার বিষয়ে বিস্তারিত খুঁটিনাটি স্পষ্ট জানা না গেলেও মার্কিন ওই কর্মকর্তা নিশ্চিত করে জানিয়েছেন যে, এই হামলা ২০০৬ সালে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চালানো অভিযানের চেয়ে ছোট আকারে চালানো হবে। এ হামলা কম সময় ধরেও চলবে বলে ধারণা করা হচ্ছে।

লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি এরই মধ্যে বাড়িয়ে চলেছে ইসরায়েল। ইসরায়েলের শীর্ষ কমান্ডার সোমবার আরও একবার দক্ষিণ লেবাননে স্থল হামলার জন্য সেনা প্রস্তুত করার ইঙ্গিত দেন। তারপরই যুক্তরাষ্ট্র  ইসরায়েলের এই পরিকল্পনার খবর জানাল।

ইসরায়েলের সীমিত স্থল অভিযানের পরিকল্পনার বিষয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও বলেছেন, “তিনি এ বিষয়ে অন্যদের চেয়ে অনেক বেশিই অবগত আছেন।”

ইসরায়েলের এই স্থল আগ্রাসন পরিকল্পনায় সন্তুষ্ট কিনা জিজ্ঞেস করা হলে বাইডেন বলেন, “এই পরিকল্পনা বন্ধ করাটাই আমার জন্য স্বস্তিদায়ক। আমাদের এখন যুদ্ধবিরতি করা দরকার।”

এর আগে লেবাননের হিজবুল্লাহ জানিয়েছিল, ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত এবং এতে হিজবুল্লাহই জয়ী হবে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর চলমান লড়াইও অব্যাহত থাকবে বলে জানিয়েছিল তারা।

লেবাননের কর্মকর্তাদের হিসাবমতে, গত ২ সপ্তাহে ইসরায়েলের হামলায় ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।