এবার ফেডারেল বিচারকদের ক্ষমতা খর্বে সু্প্রিম কোর্টের প্রতি আহ্বান ট্রাম্পের
“দেরি হওয়ার আগেই, এখনই দেশজুড়ে কার্যকর হয় এমন স্থগিতাদেশ দেওয়া বন্ধ করো,” সামাজিক যোগাযোগমাধ্যমে সুপ্রিম কোর্টকে উদ্দেশ্য করে লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবার ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করে আনতে মার্কিন সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রশাসনের নেওয়া নানান পদক্ষেপ আটকানোর ক্ষেত্রে ফেডারেল বিচারকরা যেসব স্থগিতাদেশ দেন তা সাধারণত সারাদেশেই কার্যকর হয়, ট্রাম্প তাদের এই ক্ষমতা কেড়ে নিতে চাইছেন।
জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসা ট্রাম্প ও তার প্রশাসনের নেওয়া নানান পদক্ষেপের বিরুদ্ধে ফেডারেল আদালতগুলোতে এখন শতাধিক মামলার শুনানি চলছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার নীতি বাতিলসহ প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্তের ওপর বিচারকরা সারা দেশে কার্যকর হয় এমন স্থগিতাদেশ দিয়েছেন।
বিচার বিভাগের সঙ্গে রিপাবলিকান প্রেসিডেন্টের সম্পর্ক যে এখন মোটেও ভালো যাচ্ছে না বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রতি তার আহ্বানে তা আরও স্পষ্ট হয়েছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, “দেরি হওয়ার আগেই, এখনই দেশজুড়ে কার্যকর হয় এমন স্থগিতাদেশ দেওয়া বন্ধ করো।”
প্রধান বিচারপতি জন রবার্টস ও সুপ্রিম কোর্ট যদি শিগগির এই ‘বিষাক্ত ও নজিরবিহীন পরিস্থিতির’ দ্রুত সমাধান না দেয়, তবে দেশ ‘বড় বিপদে পড়বে” বলেও তিনি মন্তব্য করেন।
প্রশাসনিক ক্ষমতার ব্যাপক প্রয়োগ নিয়ে ট্রাম্পের অবস্থান আদালতের বাধার মুখে পড়ায় প্রেসিডেন্ট ও বিচার বিভাগের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে তুমুল উত্তেজনা দেখা যাচ্ছে।
সুপ্রিম কোর্টে রক্ষণশীলরা এখন ৬-৩ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ। এর মধ্যে ৩ বিচারককে ট্রাম্প তার প্রথম মেয়াদে মনোনয়ন দিয়েছিলেন।
জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত ট্রাম্পের আদেশের ওপর দেওয়া বিচারিক স্থগিতাদেশের পরিধি ছোট করে আনতে গত ১৩ মার্চ প্রশাসনের প্রতিনিধিত্ব করা আইনজীবীরা সুপ্রিম কোর্টের প্রতি আহ্বানও জানিয়েছিলেন।
এর মধ্যে মঙ্গলবার প্রধান বিচারপতি জন রবার্টস প্রেসিডেন্টের এক মন্তব্যের কড়া সমালোচনাও করেছন।
ভেনেজুয়েলার সন্দেহভাজন গ্যাং সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার ফ্লাইট নিয়ে করা মামলা তদারকির দায়িত্বে থাকা বিচারককে অভিশংসিত করতে ট্রাম্প আহ্বান জানানোর পর রবার্টস এই প্রতিক্রিয়া দেখান।
“দুই শতকেরও বেশি সময় ধরে এটি প্রতিষ্ঠিত যে, বিচারিক সিদ্ধান্তের সঙ্গে মতের মিল না হলে অভিশংসন এর উপযুক্ত প্রতিক্রিয়া নয়, সঠিক প্রতিক্রিয়া হলো আপিল করা,” বলেন রবার্টস।
রয়টার্স লিখেছে, কেবল ট্রাম্প নন, আগের প্রেসিডেন্টদের নেওয়া অনেক সিদ্ধান্তের ক্ষেত্রেও ফেডারেল বিচারকরা দেশব্যাপী স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা দিয়েছেন।
ট্রাম্পের পূর্বসূরি, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের ৪৩০ বিলিয়ন ডলার শিক্ষাঋণ বাতিলের পরিকল্পনাও এমন আইনি বাধার মুখে পড়েছিল। পরে সুপ্রিম কোর্টে বাইডেনের ওই পদক্ষেপ বাতিলই হয়ে যায়।
