বৈরুতে হামলা জোরদার করেছে ইসরায়েল, পাল্টা রকেট ছুড়ছে হিজবুল্লাহও
বৈরুতে আট ঘণ্টার ব্যবধানে চারটি বড় বিমান হামলা চালায় ইসরায়েল, তারা লিতানি নদীর আশপাশের সেতুগুলো গুঁড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছে।
লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।
বুধবার শহরের জনবহুল এলাকায় চালানো এসব হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ানোর মুখে বুধবার সকালে একটি ১০ তলা ভবন ধূলিসাৎ করে দেয় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। রাত থেকে সকাল পর্যন্ত চলা এসব হামলায় কেঁপে ওঠে পুরো রাজধানী।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ এই আঞ্চলিক যুদ্ধে তেহরানের পক্ষে যোগ দেওয়ার পর থেকেই বৈরুতের দক্ষিণ উপকণ্ঠসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বোমাবর্ষণ তীব্র হয়েছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
আট ঘণ্টায় চার দফা হামলা
বৈরুতের সরকারি দপ্তর ও শহরের কেন্দ্র থেকে হাঁটা দূরত্বে অবস্থিত এলাকাগুলোতে আট ঘণ্টায় চারটি বড় ধরণের বিমান হামলা চালানো হয়।
রাত দেড়টার দিকে ‘জুকাক আল ব্লাত’ এলাকার একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় কয়েকটি তলা ধ্বংস হয়ে যায়। প্রায় একই সময়ে নিকটবর্তী ‘বাস্তা’ এলাকায় আরেকটি ভবনে আঘাত হানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র।
ভোর সাড়ে ৫টার দিকে সবচেয়ে শক্তিশালী হামলায় ‘বাচৌরা’ এলাকার একটি আস্ত ভবন ধসে পড়ে। হামলার আগে ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভবনটি হিজবুল্লাহর স্থাপনা দাবি করে এলাকা খালি করার সতর্কতা দিয়েছিল। সেখানে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এরপর সকাল ৮টার দিকে জুকাক আল ব্লাত এলাকায় আগের ধ্বংসস্তূপ থেকে মাত্র ৫০ মিটার দূরে আরেকটি ভবনে আঘাত হানা হয়।
বাচৌরা এলাকায় সতর্কবার্তা দেওয়া হলেও জুকাক আল ব্লাত ও বাস্তা এলাকায় কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে। এসব এলাকা ঐতিহাসিকভাবে শিয়া মুসলিম অধ্যুষিত এবং এখানে হিজবুল্লাহ ও তাদের মিত্র আমাল মুভমেন্টের রাজনৈতিক প্রভাব রয়েছে।
হিজবুল্লাহর পাল্টা রকেট হামলা
মঙ্গলবার গভীর রাতে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলে ‘বিশাল রকেট বহর’ ছাড়াও ড্রোন ও কামানের গোলা ছুড়েছে। এই দফায় তারা প্রায় ১০০টি রকেট ছুড়েছে বলে ভাষ্য লেবাননের নিরাপত্তা সূত্রগুলো। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহর এই হামলার জবাবেই তারা বৈরুতে সশস্ত্র গোষ্ঠীটির অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।
ইসরায়েল বৈরুতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান ‘আল-কর্দ আল-হাসান’ সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত হেনেছে এবং নৌবাহিনী হিজবুল্লাহর যোদ্ধাদের নিশানা করেছে বলেও দাবি তেল আবিবের।
তারা লিতানি নদীর চারপাশের সেতুগুলোকে হামলার নিশানা বানানো হবে জানিয়ে বাসিন্দাদের দ্রুত দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছে। হিজবুল্লাহ যেন লেবাননের বিভিন্ন জায়গা থেকে অস্ত্রশস্ত্র ও যোদ্ধা না আনতে পারে সে লক্ষ্যে এ সেতুগুলো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে তারা।
লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২ মার্চ হিজবুল্লাহ এই যুদ্ধে জড়ানোর পর থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত ৯০০-র বেশি মানুষ নিহত হয়েছে, ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে ১০ লাখের বেশি মানুষ।
হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত কোনো বেসামরিক নিহতের খবর পাওয়া যায়নি। তবে দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব।
বৈরুতের বাইরে পূর্ব লেবাননের বালবেক শহরে বিমান হামলায় চারজন এবং দক্ষিণ লেবাননের তিনটি ভিন্ন স্থানে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
