পেট্রলের দামবৃদ্ধিতে দিশেহারা মার্কিনিরা, গাড়ি ছেড়ে কেউ বাসে, কেউ খেলনায়
পেট্রলের ক্রমাগত দাম বৃদ্ধি মার্কিনিদের দৈনন্দিন সিদ্ধান্তকে নানাভাবে বদলে দিচ্ছে, অনেক পরিবারের সদস্যদের সৃজনশীল উপায়ে বাঁচার পথ খুঁজে পেতে অনুপ্রেরণাও যোগাচ্ছে।
পেট্রলের উচ্চমূল্যের জবাব মালি হাইটাওয়ার দিয়েছেন এক খেলনা দিয়ে, যেটি তিনি কারও আবর্জনার বাক্স থেকে কুড়িয়ে এনেছিলেন।
জর্জিয়ার ৩০ বছর বয়সী এ মিস্ত্রি পাওয়ার ওয়াশার থেকে দুই গ্যালন তেল ধারণক্ষম একটি এক-পিস্টন বিশিষ্ট ইঞ্জিন একটি ভাঙা গোলাপি রঙের পাওয়ার হুইলস বার্বি ড্রিম ক্যাম্পারে লাগিয়েছেন। ব্যাটারিচালিত এই খেলনা গাড়িটির উচ্চতা ৪ ফুটেরও কম।
তার যে আসল গাড়ি, ১৯৯৬ সালের মডেলের মার্সিডিজ বেঞ্জ কনভার্টিবলে পেট্রল ভরাতে খরচ পড়ে যাবে ৯০ ডলারের কাছাকাছি।
“এটা অনেক বেশি। তাই যখনই পারি এটা (খেলনা গাড়ি) চালাই,” বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন হাইটাওয়ার, নিত্যপণ্য রাখতে যিনি ওই ড্রিম ক্যাম্পারের উপরের দিকে একটি র্যাকও লাগিয়ে নিয়েছেন।
তার এ সমাধান অনেকের কাছে অস্বাভাবিক লাগতে পারে। কিন্তু পেট্রলের ক্রমাগত দাম বৃদ্ধি মার্কিনিদের দৈনন্দিন সিদ্ধান্তকে নানাভাবে বদলে দিচ্ছে, অনেক পরিবারের সদস্যদের সৃজনশীল উপায়ে বাঁচার পথ খুঁজে পেতে অনুপ্রেরণাও যোগাচ্ছে।
গাড়ি বিশেষ করে কম জ্বালানি-সাশ্রয়ী এসইউভি ও হালকা ট্রাকের প্রতি মার্কিনিদের যে দীর্ঘদিনের আসক্তি, অনেকেই এখন তা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। কেউ ছুটছেন সরকারি গণপরিবহনে, আবার অনেকে বাড়ির আশপাশে থাকতেই বেশি পছন্দ করছেন।
সোমবারও মার্কিনিদের গড়ে প্রতি গ্যালন পেট্রলের জন্য ৪ লার ৫২ সেন্ট দিতে হয়েছে বলে জানিয়েছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ), অথচ যুদ্ধের আগে এ খরচ ছিল গ্যালনপ্রতি তিন ডলারের কাছাকাছি।
গত ২৮ এপ্রিল ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজে প্রকাশিত ইপসসের এক জরিপে গাড়ি চালানো কমানোর কথা বলেছেন ৪৪ শতাংশ আমেরিকান।
অর্থনৈতিক এ ধাক্কাকেও অনেকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছেন। বুইক এনক্লেভে পেট্রল ভরাতে স্বাভাবিকের চেয়ে প্রায় ৪০ ডলার বেশি খরচের পর ম্যাসাচুসেটসের মাশপি শহরের ক্যাম্প ফার্লির নির্বাহী পরিচালক রেনে টোকির মাথায় এক আইডিয়া খেলে গেল—গ্রীষ্মজুড়ে বাচ্চাদের এদিক-সেদিক টেনে বেড়ানোর বদলে খরচ বাঁচাতে তো অভিভাবকরা তাদের দূরে আবাসিক ক্যাম্পে পাঠিয়ে দিতে পারেন।
সহকর্মীরা মজা পেলেও ক্যাম্পে ভর্তি বাড়াতে টোকি ঠিকই অনলাইনজুড়ে জ্বালানির দামকে উল্লেখ করা এবং ইমেইলে মার্কেটিংয়ে নেমে পড়েন।
“কেউ বলছে না এমন এক সাশ্রয়ী বুদ্ধি দিচ্ছি: আপনাদের বাচ্চাদের রাতে থাকার ক্যাম্পে পাঠিয়ে দিন,” বলা হয়েছে তার এক পোস্টে।
‘সমাজের সর্বস্তরে’
কনটেন্ট নির্মাতা ডাফনে ফ্লোরেস বছরে কয়েকবার বন্ধুদের দেখতে তার ওয়াশিংটনের সিলভারডেলের বাড়ি থেকে গাড়ি নিয়ে লস এঞ্জেলেসে যান।
সর্বশেষ যে দুই মাস লস এঞ্জেলেসে ছিলেন, গ্লেনডেলে গাড়ি রেখে তিনি চলাচলের জন্য গণপরিবহন ব্যবহার শুরু করেন।
“গ্যাসের (যুক্তরাষ্ট্রের পেট্রল এ নামেই পরিচিত) চড়া দামে আমরা অভ্যস্ত, কিন্তু এত দাম আগে কখনোই ছিল না,” বলেছেন ২৮ বছর বয়সী ফ্লোরেস।
তার টয়োটা হাইল্যান্ডারে পেট্রল ভরাতে এখন ন্যূনতম খরচ ৯৫ ডলার। তাই তিনি ৫ মাইলের ভেতর গাড়ি চালান এবং ফ্রিওয়ের (টোলবিহীন মহাসড়ক) কাছের স্টেশনগুলো এড়িয়ে চলেন, ওই স্টেশনগুলোতে তিনি গ্যালনের দাম ৯ ডলারেও উঠতে দেখেছেন।
বাসে তিনি ভিডিও এডিট করতে পারেন, আবার পাকিংয়ের খরচও বেঁচে যাচ্ছে।
অনলাইনে এখন তার বয়সী অনেক আমেরিকানই এই পথ (বাস বা গণপরিহন) বেছে নেওয়ার কথা বলছেন, জানিয়েছেন ফ্লোরেস।
“লোকজন যে বাস বেছে নিচ্ছে তার অনেক ভিডিও আমি দেখছি,” বলেছেন তিনি।
যুক্তরাষ্ট্রজুড়েই এখন এ প্রবণতা স্পষ্ট।
জানুয়ারির পর থেকে মেইনের বানগুর সরকারি বাসে ওঠা যাত্রীর সংখ্যা ২১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে গণপরিবহন প্রশাসক লরি লিনস্কট। অফিস যাওয়া-আসার সময় এ ভিড় বেড়ে যায়।
“আমি লোকজনকে দেখা শুরু করলাম, তাদের জীবনযাপন নিয়ে এক ধরনের ধারণা নেওয়ার চেষ্টা করলাম। দেখা গেল—সমাজের সর্বস্তরের মানুষই এখন গণপরিবহর ব্যবহার করছে,” বলেছেন তিনি।
বিনামূল্যে পেট্রল কার্ড
ট্যুরিজম সংস্থা ভিজিট লাস ভেগাস শহর ঘুরে দেখায় উৎসাহিত করতে প্রথম ১০০ চালককে ১০০ ডলার পর্যন্ত পেট্রল দেওয়ার ঘোষণা দেয়ায় সম্প্রতি এক বৃহস্পতিবার অনেক গাড়ির চালকই ক্যালিফোর্নিয়ার এল সেগুনদায় একটি গ্যাস স্টেশনের বাইরে ঘণ্টাখানেকেরও বেশি অপেক্ষায় ছিলেন।
কিন্তু তাদের অনেকের মাথাতেই ছুটি কাটানোর চিন্তা ঘুরছিল না।
এল সেগুনদার রবার্ট জ্যাকসন বলেন, যে পেট্রল মিলবে তা দিয়ে অল্প কয়েকদিনই চলা যাবে।
“আমাকে এখন ট্রেনে আর হেঁটে যাতায়াত করতে হয়। এটা খুবই কষ্টকর, সত্যিই কষ্টকর,” বলেছেন তিনি।
লস এঞ্জেলেসের সেজেট ফ্র্যাঙ্ক বলেছেন, আগে তিনি শহরের বিভিন্ন প্রান্তে কেনাকাটা করতে যেতেন।
“এখন আমি কাছাকাছিই থাকি, কারণ চাইনা পেট্রল ফুরিয়ে যাক,” বলেছেন এ নারী।
শিকাগোর সিটিপয়েন্ট কমিউনিটি চার্চ আসছে সপ্তাহগুলোতে ২০০ জনকে ২৫ ডলারের পেট্রল কার্ড বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা করছে। এতে তাদের ৫ হাজার ডলার খরচ হবে।
যাজক দেমিত্রিয়াস বলেছেন, তারা মা দিবসের অনুষ্ঠানের পর এমন ৭০টিরও বেশি কার্ড বিতরণ করে ফেলেছেন।
“অনেক পরিবারের জন্যই যাতায়াত বিলাসিতা নয়, এটা টিকে থাকার উপায়,” বলেছেন তিনি।
তবে পেট্রলের এ চড়া মূল্যের কারণে মার্কিনিরা যে দলে দলে বৈদ্যুতিক গাড়িতেই ঝুঁকছে—এমনটাও দেখা যাচ্ছে না।
তবে বৈদ্যুতিক গাড়ির চালকরা এখন নিজেদের সিদ্ধান্তে আত্মতৃপ্ত হতেই পারেন। বিশেষ করে টেসলা গাড়ির মালিকরা, যারা গত বছর কোম্পানিটির প্রধান নির্বাহী ইলন মাস্কের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক রেষারেষিতে অনিচ্ছাসত্ত্বেও জড়িয়ে পড়েছিলেন।
সিলিকন ভ্যালির টেসলা মালিকদের সংগঠনের প্রেসিডেন্ট জন স্ট্রিংগার সম্প্রতি একটি গ্যাস স্টেশনে পেট্রলের চড়া দাম নিয়ে করা ভিডিও টিকটকে পোস্ট করেছেন।
“আহারে, যদি এ সমস্যা আমার মোকাবেলা করা লাগতো,” টিটকারির সুরে এ কথা বলতে বলতে স্ট্রিংগার তার ক্যামেরা ঘুরিয়ে নেন পেট্রলের দাম থেকে তার সাইবারট্রাকের দিকে।
কৌতুক মনে হলেও স্ট্রিংগার বলছেন, তার স্বস্তি সত্যিই আসল।
“ওই ভিডিওটা বাদে শেষ কবে আমি গ্যাসের (পেট্রল) দামের দিকে খেয়াল করেছি মনে করতে পারছি না,” বলেছেন তিনি।
