তেল আবিবে বোমা বিস্ফোরণ, হামাস-ইসলামিক জিহাদের দায় স্বীকার
ইসরায়েলের পুলিশ এবং শিন বেত গোয়েন্দা সংস্থা এ বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে।
ইসরায়েলের রাজধানী তেল আবিবে একটি সিনাগগের কাছে এক বোমা বিস্ফোরণের ঘটনার দায় সোমবার স্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা এবং ইসলামিক জিহাদ।
ইসরায়েলের পুলিশ এবং শিন বেত গোয়েন্দা সংস্থা এ বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে।
রোববার দিনশেষের এই হামলার ঘটনায় বোমা বহনকারী এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং এক পথচারী আহত হয়েছে বলে জানিয়েছে ঘটনাস্থলে থাকা পুলিশ।
এক বিবৃতিতে হামাস ও ইসলামিক জিহাদ জানিয়েছে, ইসরায়েলের ভেতরে তাদের এই শহীদ হওয়ার অভিযান পুরোভাগেই ফিরে আসবে। দখলদারদের (ইসরায়েল) হত্যাযজ্ঞ এবং হত্যাকাণ্ডের নীতি যতদিন চলবে, ততদিন পর্যন্ত এই অভিযান চলবে।
গতবছর ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের হামলায় ১২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার দিন থেকেই গাজায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। তখন থেকে এখন পর্যন্ত গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে নিহত হয়েছে ৪০ হাজারের বেশি মানুষ।
এই যুদ্ধ চলার মধ্যেই সম্প্রতি ইরানে হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া নিহত হয়। ইসরায়েল এ হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনওটিই করেনি।
তবে এ হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরায়েলকেই দোষারোপ করেছে এবং এর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনেকেন রোববার গাজায় যুদ্ধবিরতির চেষ্টায় তেল আবিবে যাওয়ার এক ঘন্টা পর বিস্ফোরণের ঘটনা ঘটে।
