হানিয়া হত্যার প্রতিশোধ নিতে আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠকে বসছে ইরান
ইরানের ফিলিস্তিনি মিত্র হামাস ও ইসলামিক জিহাদ, ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকি প্রতিরোধ বাহিনীর প্রতিনিধিরা তেহরানে এই বৈঠকে অংশ নেবেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে লেবানন, ইরাক ও ইয়েমেনের আঞ্চলিক মিত্রদের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসছে ইরান।পাঁচটি সূত্র একথা জানিয়েছে।
বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এর আগের দিন লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ঊর্ধ্বতন এক কমান্ডার নিহত হন। এ দুটি হত্যাকাণ্ডের পর ইসরায়েল, ইরান ও তাদের ছায়া গোষ্ঠীগুলোর মধ্যে পুরোদস্তুর যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই পাঁচ সূত্র বলেছে, ইরানের ফিলিস্তিনি মিত্র হামাস ও ইসলামিক জিহাদ, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী, লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইরাকি প্রতিরোধ বাহিনীর প্রতিনিধিরা তেহরানে বৈঠকে অংশ নেবেন।
বৈঠকের বিষয়টিতে সরাসরি সংশ্লিষ্ট এক ইরানি কর্মকর্তা বলেছেন, “বৈঠক শেষে ইরান এবং প্রতিরোধ বাহিনীর সদস্যরা ইহুদিবাদীদের (ইসরায়েল) বিরুদ্ধে কীভাবে সবচেয়ে উত্তম এবং কার্যকর পন্থায় প্রতিশোধ নেওয়া যায় সে বিষয়টি পুঙ্খানুপুঙাখভাবে মূল্যায়ন করে দেখবেন।”
ইরানের অপর এক কর্মকর্তা বলেছেন, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং অভিজাত রেভল্যুশনারি গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ বৈঠকে থাকবেন।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি বৃহস্পতিবার রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, “কীভাবে ইরান এবং প্রতিরোধ বাহিনী জবাব দেবে এখন সেটি পর্যালোচনা করে দেখা হচ্ছে। জবাব অবশ্যই দেওয়া হবে এবং ইহুদিবাদীরা (ইসরায়েল) নিঃসন্দেহে অনুতাপ করবে।”
গত মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়ে হত্যার শিকার হন হামাস নেতা ইসমাইল হানিয়া। বুধবার রাতে তেহরানের একটি অতিথিশালায় ক্ষেপণাস্ত্র হামলায় হানিয়া নিহত হন। ইসরায়েল এই হত্যার দায় স্বীকার করেনি। তবে ইরান এবং হামাস এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে।
ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান টোমার বের বুধবার সামরিক বাহিনীর একটি সমাবর্তন অনুষ্ঠানে সতর্ক করে দিয়ে বলেছেন, যেখান থেকেই ইসরায়েলি নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করা হবে, সেখানেই ইসরায়েল ব্যবস্থা নেবে।
