২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমুদ্র মন্থনের’ পথে ভারত, তেল-গ্যাস খুঁজতে ৮৪ হাজার কোটির প্রকল্প

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা ৮৪ হাজার ৮৪ কোটি রুপি ব্যয়ে ২০৩০-৩১ অর্থবছর নাগাদ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নিয়ে ‘সমুদ্র মন্থন’ প্রকল্প অনুমোদন করেছে।

‘সমুদ্র মন্থনের’ পথে ভারত, তেল-গ্যাস খুঁজতে ৮৪ হাজার কোটির প্রকল্প
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 08:29 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর গুরুতর প্রভাব পড়ছে ভারতের ওপর। ফলে ভারতের অভ্যন্তরীন জ্বালানি চাহিদা মেটাতে এবং আমদানি নির্ভরতা কমাতে এবার এক দূরদূর্শী পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার।

ভারতের জলসীমায় অনাবিস্কৃত জ্বালানি তেল ও গ্যাসের ভান্ডার অনুসন্ধানে নামছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসাবে সমুদ্র মন্থন বা জরিপ অভিযান শুরু করবে ভারত।

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, শুক্রবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘সমুদ্র মন্থন’ নামের জাতীয় অফশোর (উপকূলীয় বা সমুদ্র এলাকা) অনুসন্ধান প্রকল্প অনুমোদন করেছে। ৮৪ হাজার ৮৪ কোটি রুপি ব্যয়ে ২০৩০-৩১ অর্থবছর নাগাদ প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের অধীন এই প্রকল্পটি ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার, অভ্যন্তরীন অনুসন্ধান, উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তিগত নেতৃত্ব এবং বিকশিত ভারত-এর লক্ষ্য এগিয়ে নেওয়ায় এক যুগান্তকারী পদক্ষেপ বলে মন্ত্রিসভার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘সমুদ্র মন্থন’ প্রকল্পের আওতায় ৬ কোটি মেট্রিক টনের বেশি তেল মজুত করা হবে। সমুদ্রের গভীরে অনুসন্ধান কাজ উল্লেখযোগ্য ভাবে বাড়বে, অভ্যন্তরীন তেল ও গ্যাস উৎপাদন বাড়বে, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির অধীনে দেশীয় উৎপাদন শিল্প শক্তিশালী হবে এবং সমুদ্রের গভীরে প্রযুক্তি ও পরিষেবার জন্য একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এই প্রকল্পটি অনুসন্ধান এবং উৎপাদন মূল্য শৃঙ্খলে উল্লেখযোগ্য বিনিয়োগ আকৃষ্ট করবে বলেও আশা করা হচ্ছে, যা শিল্প, উদ্ভাবন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী সুযোগ তৈরি করবে।

সরকারি তথ্য অনুযায়ী, সমুদ্রের পানির গভীরে অনুসন্ধান ও উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়ায় নানা পদক্ষেপ নেওয়া হবে এই প্রকল্পে। এর মধ্যে রয়েছে উচ্চমানের ভূকম্পন সংক্রান্ত (সিসমিক) তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গভীর ও অতি-গভীর সমুদ্রে দ্রুত অনুসন্ধানী খনন, নতুন সীমানায় বৈজ্ঞানিক খনন, যৌথ উৎপাদন ও পরিবহন অবকাঠামো উন্নয়ন এবং সমন্বিত তেল-গ্যাস উৎপাদন ও সেবা অঞ্চল প্রতিষ্ঠা।

বঙ্গোপসাগর, আন্দামান সাগর ও দক্ষিণ ভারতের উপকূলে লুকিয়ে থাকা তেল-গ্যাসের সম্ভাব্য মজুদ খুঁজে বের করার লক্ষ্য নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে পূর্ব উপকূলে জ্বালানি উৎস থাকার আভাস পাওয়া গেলেও নানা বাধার কারণে সমুদ্রতল জরিপ করেনি ভারত। এবার সঙ্কট ঘনিয়ে আসায় ও আত্মনির্ভর ভারত গড়তে শুরু হচ্ছে এই বড় মাপের খোঁজ অভিযান।