রাশিয়ায় জেনারেল হত্যার ঘটনায় উজবেকিস্তানের নাগরিক আটক
মস্কোয় শীর্ষ জেনারেল কিরিলোভ খুনের ঘটনায় ইউক্রেইনের গোয়েন্দারা এই উজবেককে নিয়োগ করেছিলেন- বলছে রাশিয়া নিরাপত্তা সংস্থা।
মস্কোয় শীর্ষ জেনারেল ইগর কিরিলোভ ও তার সহকারী খুনের ঘটনায় উজবেকিস্তানের ২৯ বছর বয়সী এক নাগরিককে আটক করেছে রাশিয়া।
রুশ কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি) একথা জানিয়েছে। সংস্থাটি বলছে, অজ্ঞাতনামা এই সন্দেহভাজন নাগরিককে নিয়োগ করেছিলেন ইউক্রেইনের গোয়েন্দারা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানায় বিবিসি।
রাশিয়ার রাজধানী মস্কোয় পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা এক শীর্ষ জেনারেল ইগর কিরিলোভ একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে নিহত হন। ইউক্রেইন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
ইউক্রেইন কিরিলোভের বিরুদ্ধে ইউক্রেইনীয় সেনাদের ওপর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছিল। মঙ্গলবার সকালে ইউক্রেইনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)-এর গোয়েন্দা অভিযানে কিরিলোভ নিহত হন।
ইউক্রেইনের এক সূত্র মঙ্গলবার বিবিসি-কে বলেছে, কিরিলভ যুদ্ধাপরাধ করেছিলেন। তাকে হামলার নিশানা করাটা ‘ন্যায়সংগত’ ছিল।
হত্যাকাণ্ডের আগের দিন সোমবার কিরিলভকে তার অনুপস্থিতিতেই ইউক্রেইনের আদালতে অভিযুক্ত করে বলা হয়, তিনি গণহারে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দায়ী।
রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি)-এর জনসংযোগ কেন্দ্র বুধবার জানায়, ২৯ বছর বয়সী ওই যুবক সন্ত্রাসী হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে, ইউক্রেইনের নিরাপত্তা সংস্থা তাকে নিয়োগ দিয়েছে।
এফএসবি'র প্রকাশ করা একটি ভিডিওতে হাতকড়া পরা সন্দেহভাজন ওই ব্যক্তিকে ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে দেখা গেছে।
তিনি বলছিলেন, কিরিলভকে হত্যার বিনিময়ে তাকে এক লাখ ডলার পুরস্কারসহ ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার 'নিশ্চয়তা' দেওয়া হয়েছিল। এফএসবি বলছে, ইউক্রেইনের নির্দেশেই এই ব্যক্তি মস্কোয় পৌঁছান এবং হাতে তৈরি একটি বিস্ফোরক ডিভাইস পান।
এই বিস্ফোরকটি তিনি একটি বৈদ্যুতিক স্কুটারে পেতে রেখেছিলেন এবং স্কুটারটি কিরিলোবের বাসভবনের প্রবেশপথে দাঁড় করিয়ে রাখেন। বাসভবনটি নজরে রাখতে একটি গাড়ি ভাড়া করেন এবং ক্যামেরাও লাগান তিনি।
ইগর কিরিলোভ ও তার সহকারী মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্ট এর বাড়ির প্রবেশপথে ঢুকতেই বিস্ফোরক পেতে রাখা স্কুটার বিস্ফোরণে দুইজন নিহত হন।
এফএসবি জানায়, কিরিলোভকে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যাওয়ার সময়ই ওই উজবেক যুবককে বোমার সুইচ টিপে বিস্ফোরণ ঘটাতে বলা হয়েছিল।
কিরিলোভই রাশিয়ার মাটিতে ইউক্রেইনের অভিযানে নিহত সবচেয়ে উর্ধ্বতন সামরিক কর্মকর্তা। রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে কিরিলোভের ওপর একসময় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ছিল।
ইউক্রেইনের নিরাপত্তা সংস্থা এসবিইউ এর অভিযোগ, কিরিলোভের নেতৃত্বে রাশিয়া ৪,৮০০ বারেরও বেশি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।
তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, তারা ২০১৭ সালেই তাদের রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করেছে।
