২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, সংযম প্রদর্শনের আহ্বান চীনের

হরমুজ প্রণালির গুরুত্বপূণর্ জলপথকে নিরাপদ, স্থিতিশীল ও বাধাহীন রাখা বিশ্ব সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করে বলে মন্তব্য করেছে চীন।

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, সংযম প্রদর্শনের আহ্বান চীনের
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 05:10 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধে আরোপের হুমকি দেওয়ার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে সব পক্ষকে সংযম প্রদর্শনের ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন।  

পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, “ইরানি বন্দরগুলো ও উপকূলীয় এলাকাগুলোতে প্রবেশ করতে থাকা ও সেখান থেকে বের হতে থাকা সব সব দেশের সব ধরনের সামুদ্রিক জলযানের ক্ষেত্রে এ অবরোধ কার্যকর হবে।”

যুদ্ধ শুরু হওয়ার আগে রপ্তানি করা ইরানি তেলের সিংহভাগ চীনে সরবরাহ করা হতো। চীন অপরিশোধিত তেলের শীর্ষ আমদানিকারক। 

সোমবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন মার্কিন অবরোধে হুমকি নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, হরমুজ প্রণালির গুরুত্বপূণর্ জলপথকে নিরাপদ, স্থিতিশীল ও বাধাহীন রাখা বিশ্ব সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করে।

তিনি বলেন,“চীন আশা করে সংশ্লিষ্ট পক্ষগুলো অস্থায়ী যুদ্ধবিরতি ব্যবস্থা মেনে চলবে, বিরোধ নিষ্পত্তিতে রাজনৈতিক ও কূটনতিক উপায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আর শত্রুতা ফের শুরু করা এড়াবে।” 

গুও আরও বলেন, এই সমস্যা সমাধানে ‘একটি ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে’ চীন প্রস্তুত হয়ে আছে। পাকিস্তানের রাজধানীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা শুরু হয়েছে তা উত্তেজনা প্রশমণে সহায়ক বলে মন্তব্য করেছেন তিনি।

চীন ইরানে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে, প্রকাশিত এমন প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করে সেগুলোকে ‘ভিত্তিহীন অপবাদ’ বলে মন্তব্য করেছেন তিনি।

ইসলামাবাদের ওই ম্যারাথন আলোচনা ব্যর্থ হওয়ার পর সেন্টকম জানিয়েছে, তাদের বাহিনীগুলো সোমবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সকাল ১০টি থেকে ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচলের বিরুদ্ধে অবরোধ আরোপ করবে।  

মার্চে চীন ও পাকিস্তান ইরান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শান্তি আলোচনার প্রতি সমর্থন জানিয়েছিল। তারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছিল।