সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ২ আইএস যোদ্ধা নিহত
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আইএসের সদস্যরা ট্রাক ভর্তি অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে যাওয়ার সময় আঘাত হানা হয়।
বাশার আল আসাদবিহীন সিরিয়ায় ফের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদের পরিকল্পনা, সংগঠিত হওয়ার চেষ্টা এবং হামলা পরিচালনা বানচাল করে দেওয়ার জন্য এই হামলা চালানো হয়েছে বলে মার্কিন সেনাবাহিনী দাবি করেছে।
সোমবার মার্কিন সেনাবাহিনী জানায়, তারা সিরিয়ায় বিমান হামলা চালিয়ে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দুই সক্রিয় সদস্যকে হত্যা ও একজনকে আহত করেছে।
সামাজিক মাধ্যম এক্স এ প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, দিয়ার আর জোর প্রদেশে আইএসের সক্রিয় সদস্যদের ওপর যখন আঘাত হানা হয় তখন তারা ট্রাক ভর্তি অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছিল। এই এলাকাটি আগে সিরিয়ার আসাদ সরকার ও রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল। অস্ত্রবাহী ট্রাকটি ধ্বংস করে দেওয়া হয়েছে।
সেন্টকম বলেছে, ওই অঞ্চলের অংশীদারদের সঙ্গে চলমান অঙ্গীকারের অংশ হিসেবে বিমান হামলাটি চালানো হয়। ওই অঞ্চল ও আশপাশের এলাকাজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিকদের, আমাদের মিত্রদের এবং আমাদের অংশীদারদের বিরুদ্ধে সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা, সংগঠিত হওয়া ও হামলা পরিচালনা করার ক্ষমতা হ্রাস ও নস্যাৎ করার লক্ষ্যে এ আঘাত হানা হয়েছে।
আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতৃত্বাধীন বিদ্রোহীদের ঝড়ো অভিযানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। আর সেই সুযোগে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর পুনরুত্থানের পথ প্রশস্ত হয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের।
