২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের রাশিয়া অভিযানে ব্যবহার হচ্ছে যুক্তরাজ্যের পাঠানো ট্যাংক

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রণালয় রাশিয়ার মাটিতে ইউক্রেইনীয় সেনাদেরকে নিজেদের সুরক্ষায় ব্রিটিশ অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 08:42 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

রাশিয়ায় ঢুকে পড়ে লড়াই চালিয়ে আসা ইউক্রেইনীয় সেনারা যুক্তরাজ্যের সরবরাহ করা চ্যালেঞ্জার ২ ট্যাংক ব্যবহার করছে। যুক্তরাজ্যের এক সূত্র বিবিসি-কে একথা জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রণালয় রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেইনীয় বাহিনী তাদের অভিযানে নিজেদের সুরক্ষার জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারবে এবং তাদের এই অস্ত্র ব্যবহারের ‘স্পষ্ট অধিকার’ আছে বলে জানিয়েছে বৃহস্পতিবার।

এর প্রেক্ষাপটেই ইউক্রেইনের সেনাদের চ্যালেঞ্জার ট্যাংক-২ ব্যবহারের এই খবর এল। তবে ইউক্রেইনকে দেওয়া দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর এখনও কড়াকড়ি বজায় রেখেছে যুক্তরাজ্য।

ইউক্রেইন লড়াইয়ে কতগুলো ব্রিটিশ চ্যালেঞ্জার ট্যাংক ব্যবহার করছে তা স্পষ্ট নয়। তবে গতবছর দক্ষিণ ইউক্রেইনে লড়াই চলাকালে কিইভকে কেবল ১৪ টি চ্যালেঞ্জার ট্যাংক দিয়েছিল যুক্তরাজ্য, যার একটি ধ্বংস হয়ে গেছে।

গত দুই সপ্তাহ ধরে ইউক্রেইনের সেনারা রাশিয়ায় ঢুকে তাদের মাটিতে হামলা চালিয়ে আসছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম কিইভের সেনারা শত্রুভূমির অনেকখানি ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে। 

রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনের সেনারা গত ৬ অগাস্টে আচমকা ঢুকে পড়ে। এরপর ড্রোন, ভারি কামানের গোলাবর্ণ এবং ট্যাংক হামলার মধ্য দিয়ে সাত দিনেই রাশিয়ার ভূখন্ডের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেইন।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার সেনারা এখনও রাশিয়ার ভূখণ্ডের আরও ভেতরে অগ্রসর হয়ে চলেছে। লড়াইয়ের মুখে কুর্স্কের পাশেই আরেকটি রুশ অঞ্চল বেলগোরোদে জরুরি অবস্থা জারি হয়েছে।