২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ান নিয়ে মন্তব্যের জেরে চীনা দূতকে বহিষ্কার করছে প্যারাগুয়ে

চীনা এই কূটনীতিক তাইওয়ানের সঙ্গে প্যারাগুয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্বিবেচনার জন্য আইনপ্রণেতাদের প্ররোচিত করেছেন বলে দৃষ্টিগোচর হওয়ার পর এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

তাইওয়ান নিয়ে মন্তব্যের জেরে চীনা দূতকে বহিষ্কার করছে প্যারাগুয়ে
ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 06 Dec 2024, 04:56 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে সফরে যাওয়া নিম্নপদস্থ এক চীনা কূটনীতিকের ভিসা বাতিল করে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই কূটনীতিক তাইওয়ানের সঙ্গে প্যারাগুয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্বিবেচনার জন্য আইনপ্রণেতাদের প্ররোচিত করেছেন বলে দৃষ্টিগোচর হওয়ার পর এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

 প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করেছেন চীনা দূত শু ওয়েই ।

প্যারাগুয়েতে অবস্থিত তাইওয়ান দূতাবাসও চীনা কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ করেছে। দূতাবাস বলেছে, তাইওয়ান-প্যারাগুয়ে সম্পর্ক ক্ষুন্ন করতে শু ওয়েই প্যারাগুয়েতে অনুপ্রবেশ করেছেন।

চীন মনে করে তাইওয়ান তাদেরই অংশ। 'এক চীন' নীতি বাস্তবায়ন করতে তাইওয়ানকে যেকোনো মূল্যে করায়ত্ত করতে চায় বেইজিং। তবে তাইওয়ান বিশ্বাসী নিজেদের স্বাধীনতায়। তাদের নিজস্ব সংবিধান আছে। তারা চীনের অংশ হতে চায় না।

প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনা দূত শুয়ের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। কেবল বলেছে, তিনি ইউনেস্কোর একটি বৈঠকে চীনা প্রতিনিধিদলের সঙ্গে প্যারাগুয়েতে এসে ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। দেশ ছাড়ার জন্য তাকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

প্যারাগুয়ের পার্লামেন্টে রেকর্ড করা শু ওয়েইর একটি বক্তব্য পেয়েছে রয়টার্স। তাতে শোনা গেছে, তাইওয়ানের বদলে চীনকে স্বীকৃতি দিতে প্যারাগুয়েকে আহ্বান জানিয়েছেন শু। চীনের প্রতি সহানুভুতিশীল প্যারাগুয়ের দুই বিরোধীদলীয় আইনপ্রণেতার সঙ্গে বৈঠকের পর শু ওই আহ্বান জানান।

বিশ্বে তাইওয়ানকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া ১২ দেশের একটি হচ্ছে প্যারাগুয়ে। চীনা দূত বলেন, “চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখলে প্যারাগুয়ে আরও বেশি আয় করতে পারবে, অর্থ বাঁচাতে পারবে এবং খরচ কমাতে পারবে।”

তাইওয়ানকে দীর্ঘদিনের কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে প্যারাগুয়ে। ফলে  চীনে শস্য রফতানিতে তারা বাধার সম্মুখীন হয়। প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ, যারা তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে।