সিরিয়া হঠাৎ কেন উত্তপ্ত? আসাদকে হঠাতে পারবে আলেপ্পোর বিদ্রোহীরা?
সিরিয়ার দুই মিত্রদেশ রাশিয়া ও ইরানের মনোযোগ অন্যদিকে থাকার সুযোগে বিদ্রোহীরা নতুন করে আলে্েপ্পায় হামলা করেছে।
বিদ্রোহীদের একটি নতুন জোটের হঠাৎ হামলায় আবারও সংবাদ শিরোনাম হয়েছে সিরিয়ার গৃহযুদ্ধ। ২০১৬ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে আলেপ্পো থেকে পিছু হটা বিদ্রোহীরা দীর্ঘ আট বছর পর আবার এই নগরীতে ঢুকেছে।
আলেপ্পোর বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে এই বিদ্রোহীরা। ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এ অভিযানের নেতৃত্ব দিয়েছে। বিদ্রোহীদের অগ্রগতি স্বীকার করে নিয়েছে সিরিয়ার সেনাবাহিনীও।
সিরিয়ায় যুদ্ধ করে আসা দুই পক্ষ ২০২০ সাল থেকে শান্তই ছিল। কিন্তু বিদ্রোহীদের এই নতুন হামলা ঘিরে আবার উত্তপ্ত হয়েছে সিরিয়ার রণাঙ্গন। কেন নতুন করে শুরু এই সংঘাত?
বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার মিত্র রাশিয়াকে এখন ইউক্রেইন যুদ্ধ নিয়েই বেশি ভাবতে হচ্ছে। সেকারণে সিরিয়ায় তারা মনোনিবেশ করতে পারছে না। ওদিকে, সিরিয়ার আরেক মিত্র ইরানকে এখন ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে বেশি নজর দিতে হচ্ছে।
সেকারণে রাশিয়ার মতো তারাও সিরিয়ায় সেভাবে মনোযোগ দিতে পারছে না। সিরিয়ার প্রধান এই দুই মিত্রদেশের মনোযোগ অন্যদিকে থাকার সুযোগই এখন বিদ্রোহীরা নিচ্ছে। সিরিয়ার এই বিদ্রোহীরা ‘মিলিটারি অপারেশন্স কমান্ড’ নামে নতুন একটি জোট গড়ার পর আলেপ্পোয় হামলা করে।
সরকার বিরোধীদের নিয়ে গড়া সিরিয়াযর বিদ্রোহীদের এই নতুন জোটে ইসলামপন্থি থেকে শুরু করে মধ্যপন্থি বিভিন্ন গোষ্ঠীর সদস্য রয়েছে। তারা দ্রুত আলেপ্পোর আশেপাশের গ্রামগুলো দখলে নেওয়ার পাশাপাশি নগরীর বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে।
আলেপ্পো হারানো সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ বাহিনীর জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। প্রাচীন এই নগরী একসময় ছিল সিরিয়ার অর্থনৈতিক রাজধানী। ২০১৬ সালে বিদ্রোহীদের আলেপ্পো থেকে হটিয়ে দেওয়ার আগ পর্যন্ত এ নগরী ছিল অন্যতম প্রধান বিদ্রোহী ঘাঁটি।
বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহীরা আবার আলেপ্পোয় ঢুকে পড়ায় এই পথ ধরে সিরিয়ার আরও এলাকা দখলের সুযোগ এসেছে তাদের সামনে। কিন্তু বিদ্রোহীদের সাম্প্রতিক এই সাফল্য চমকপ্রদ হলেও তারা সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে উৎখাত করতে পারবে কিনা সেটি এখনও প্রশ্ন।
কারণ, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু পর থেকে আসাদের শাসন টিকেই আছে। বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সিরিয়ায় শাসনক্ষমতা ধরে রাখতে আসাদ যে কোনও মূল্যেই প্রস্তুত থেকেছেন। রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সমর্থন-সহযোগিতাও পেয়েছেন তিনি।
এবারও বিদ্রোহীরা আলেপ্পোয় ঢোকার পর আসাদ আবার রাশিয়া এবং ইরানের সহায়তা পাচ্ছেন। রাশিয়া বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে। ওদিকে, আসাদকে সহায়তা করতে ইরাক থেকে সিরিয়ায় ঢুকেছে ইরানপন্থি ইরাকি মিলিশিয়ারা।
তবে এর বাইরেও আসাদ সরকারকে রাতারাতি উৎখাত করা বিদ্রোহীদের পক্ষে সম্ভব নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ, তার সরকারকে এখনও সমর্থন করে সিরীয়দের অনেকেই। তাদের কাছে বিদ্রোহী জঙ্গি গোষ্ঠীগুলোর তুলনায় প্রেসিডেন্ট আসাদের শাসনই মন্দের ভাল।
