শান্তির জন্য ইউক্রেইন ও রাশিয়াকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে: ট্রাম্প
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে রাশিয়া ও ইউক্রেইনের একে অপরের কাছে ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয় নিয়েই কথা হবে- বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ থামাতে ইউক্রেইন ও রাশিয়াকে একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে।
আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। সেই বৈঠকে পুতিনের সঙ্গে এ বিষয়টি নিয়েই কথা বলবেন বলে জানান তিনি।
বৈঠকের আলোচনায় সম্ভাব্য একটি চুক্তির দিকে যাওয়ার লক্ষ্য থাকবে জানিয়ে ট্রাম্প বলেছেন, তিনি বোঝার চেষ্টা করবেন যে, পুতিন একটি চুক্তি করতে ইচ্ছুক কিনা।
কোনও অগ্রগতি সম্ভব কিনা দুই মিনিটের আলোচনাতেই তিনি তা বুঝে ফেলতে পারবেন বলেও জানান ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি পুতিনকে বলব, এই যুদ্ধ শেষ করতেই হবে। আপনাকে এটি করতেই হবে।”
তিনি জানান, ভবিষ্যতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকও হতে পারে।
ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গেও শিগগির আলোচনা করবেন এবং এর লক্ষ্য থাকবে রক্তক্ষয়ী যুদ্ধের দ্রুত বিরতি।
ট্রাম্প এর আগেও যুদ্ধ থামাতে ভূখণ্ড বিনিময় করার কথা বললেও রাশিয়া ও ইউক্রেইন—দুই পক্ষই তা প্রত্যাখ্যান করেছে।
ইউরোপীয় দেশগুলো মনে করে, রাশিয়াকে বড় ধরনের ছাড় দিলে পশ্চিমা দেশগুলোকে ভবিষ্যতে নিরাপত্তা নিয়ে হুমকিতে পড়তে হতে পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় ও প্রাণঘাতী ইউক্রেইন যুদ্ধে রাশিয়া বর্তমানে ইউক্রেইনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে।
ইউক্রেইনের দখলে রুশ ভূখণ্ড নেই বললেই চলে। ট্রাম্প বলেন, “কিছু ভূমি অদলবদল হবে। রাশিয়া খুব গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল দখল করে রেখেছে, আমরা চেষ্টা করব এই অঞ্চলগুলোর কিছু ফেরত আনতে।”
