২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিকে বিদায় জানাতে চলেছেন স্কট মরিসন

একজন ধর্মভীরু খ্রিস্টান মরিসন গির্জায় আরো বেশি সময় কাটাতে চান, সেইসঙ্গে আরো বেশি সময় দিতে চান পরিবারকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 08:13 PM

Updated : 23 Jan 2024, 08:15 PM

বেসরকারি খাতে কাজ করতে রাজনীতিকে বিদায় জানাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন। যিনি ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

মরিসন কোভিড-১৯ মহামারীর সময় অস্ট্রেলিয়াকে পথ দেখিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে অকাস প্রতিরক্ষা চুক্তির তদারকি করেছেন এবং প্রধানমন্ত্রী থাকাকালে গোপনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী পদে নিজেকে নিয়োগ দিয়ে ঐতিহাসিক কেলেঙ্কারিতে নিজের নাম জড়িয়েছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “আমার বেসরকারি জীবনে ফিরে যাওয়ার সময় হয়েছে।”

মরিসনের বয়স এখন ৫৫ বছর। তিনি আরো বলেন, তিনি এখন এশিয়া জুড়ে ‘কৌশলগত উপদেষ্টার ভূমিকায়’ নিজেকে দেখতে চান। যাতে তিনি ইন্দো-প্যাসেফিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অধিক মনযোগ দিতে পারেন।

একজন ধর্মভীরু খ্রিস্টান মরিসন গির্জায় আরো বেশি সময় কাটাতে চান, সেইসঙ্গে পরিবারকে দিতে চান আরো বেশি সময়।

পুরনো খবর:

নেতৃত্ব খোয়ালেন টার্নবুল, অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন

২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসের কাছে হেরে যান মরিসন। তারপর থেকেই তার রাজনীতি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।

মরিসনের আমলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজেদের ভূমিকা পালনে অস্ট্রেলিয়া খানিকটা পিছিয়ে পড়েছিল। এটিকে পুঁজি করেই ২০২২ সালের নির্বাচনে আলবানিসের দল লেবার পার্টি ভোটের প্রচারে নামে। ভোটররা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনতে যে দল অধিক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে, দেশ পরিচালনার জন্য তাদেরই বেছে নিয়েছে।