২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আফ্রিকা থেকে এশিয়ায় ফুটবলার পাচার’

অপ্রাপ্তবয়স্ক ফুটবল খেলোয়াড়দের আফ্রিকা থেকে এশিয়ায় পাচার করে জোর করে চুক্তিপত্রে সই করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 03:35 PM

Updated : 12 Oct 2022, 04:04 PM

বিবিসির এক তদন্তে প্রকাশ পেয়েছে, অপ্রাপ্ত বয়স্ক এসব খেলোয়ারদের মধ্যে ১৪ বছর বয়সী কিশোররাও আছেন।

লাওসের শীর্ষ লিগের ফুটবল ক্লাব চম্পাসাক ইউনাইটেড ফেব্রুয়ারিতে পশ্চিম আফ্রিকার একটি অনুমোদনহীন ফুটবল একাডেমি থেকে ২৩ জন অপ্রাপ্তবয়স্ক খেলোয়ারকে আমদানি করে। এদের ছয়জন এখনও ক্লাবটিতে আছেন। 

ফুটবলের বিশ্ব সংস্থা ফিফার আইনানুযায়ী, ১৮ বছর না হওয়া পর্যন্ত কোনো খেলোয়ার বিদেশি কোনো ক্লাবে বা একাডেমিতে যোগ দিতে পারেন না। 

ফিফার একজন মুখপাত্র বলেছেন, “অপ্রাপ্তবয়স্ক খেলোয়ারদের স্বার্থ রক্ষা ও তাদের বিষয়ে সব তথ্য পাওয়ার জন্য ফিফার সঙ্গে বেশ কয়েকটি সদস্য অ্যাসোসিয়েশনের চুক্তি আছে।” 

Image
কিশোর খেলোয়াড়রা জানিয়েছেন, যেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল সেই স্টেডিয়াম ছাড়ার অনুমতি কখনো তাদের দেয়া হতো না। ছবি: বিবিসি

কিশোর খেলোয়াড়রা জানিয়েছেন, যেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল সেই স্টেডিয়াম ছাড়ার অনুমতি কখনো তাদের দেয়া হতো না। ছবি: বিবিসি

চম্পক ইউনাইটেডের বিরুদ্ধে অভিযোগ ক্লাবটি অপ্রাপ্ত বয়স্ক এসব খেলোয়াড়কে আমদানি করছে ভবিষ্যতে ব্যবসা করার আশায়। ভবিষ্যতে এসব খেলোয়াড়কে বিক্রি করে লাভ করার আশায় আছে ক্লাবটি।  ক্লাবটির এক তরুণ ফুটবলার বলেছেন, “জানালাবিহীন একটি জায়গায় বসবাস করা খুব কষ্টকর।” ফিফার আইনের সুস্পষ্ট লঙ্ঘণ করে ক্লাবটি এই সিজনের লিগ ম্যাচে ১৪-১৫ বছর বয়সীদের খেলিয়েছে। ১৪ বছর বয়সী লাইবেরিয়ার কেসেলি কামারা জানিয়েছেন, সিনিয়র টিমের অংশ হয়ে লিগের সবগুলো ম্যাচে খেলানোর আগে তার কাছ থেকে জোর করে ছয় বছরের জন্য একটি চুক্তিপত্রে সই নেওয়া হয়েছিল।
Image
একাডেমিতে থাকা অনেক কিশোর খেলোয়াড়ের চুক্তি থাকলেও তাদের কোনো ওয়ার্ক ভিসা নেই। ছবি: বিবিসি

একাডেমিতে থাকা অনেক কিশোর খেলোয়াড়ের চুক্তি থাকলেও তাদের কোনো ওয়ার্ক ভিসা নেই। ছবি: বিবিসি

চুক্তিপত্রে তাকে মাসে দুইশ ডলার বেতন ও বাসস্থান দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু কামারা জানিয়েছেন, তাকে কখনোই কোনো বেতন দেওয়া হয়নি আর থাকতে হয়েছে স্টেডিয়ামের মেঝেতে। বাকিদেরও একই অবস্থা ছিল বলে জানিয়েছেন তিনি।   লাইবেরিয়ায় ফিরে আসা কামারা বলেন, “খুব খারাপ অবস্থা ছিল, কারণ একটি ঘরে একসঙ্গে ৩০ জন ঘুমানো যায় না।”    কিন্তু লাওসের দক্ষিণাঞ্চলীয় শহর পাকসে-র এই ক্লাবটি অন্যায় কোনো কিছু করেনি বলে দাবি করেছে। কিন্তু ফিফা ও ফুটবল খেলোয়াড়দের বিশ্ব সংস্থা ফিফপ্রোর চাপে ১৭ জন কিশোর ফুটবলারকে ছেড়ে দেয় চম্পক। কামারা এদেরই একজন।  তবে ছয় কিশোর ফুটবলার চম্পকেই রয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।