চীনে বিস্ফোরণে নিহত ৩
চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের একটি পার্কে এক বিস্ফোরণে সন্দেহভাজন হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যার এ ঘটনায় আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
সিনহুয়ার খবরে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী জি শিংট্যাঙ এ ঘটনা ঘটান। গ্রামের বাসিন্দা শিংট্যাঙ বেকার ছিলেন।
তবে কী কারণে শিংট্যাং এ ঘটনা ঘটিয়েছেন সে সর্ম্পকে কিছু জানায়নি সিনহুয়া।
চীনা মাইক্রোব্লগ সিনা উয়িবোতে পোস্ট করা ছবিগুলোতে মারাত্মক আঘাত পাওয়া বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে, বিস্ফোরণে ছিন্নভিন্ন কিছু জিনিস আশপাশে এলোমেলোভাবে পড়ে আছে। আর পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।
চীনা সরকারি মুখপত্র পিপলস ডেইলি জানিয়েছে, জি দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিল, আর সম্প্রতি তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে পড়েছিল।
