২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবন্দিদের ‘দাস’ বানানোয় মিতসুবিশির ক্ষমা প্রার্থনা

জাপানের নির্মাণ কোম্পানি মিতসুবিশি ম্যাটেরিয়াল কর্পোরেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বন্দি যুক্তরাষ্ট্রের সেনাদের দাস শ্রমিক হিসেবে ব্যবহার করার জন্য ক্ষমা প্রার্থনা করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Jul 2015, 11:00 AM

Updated : 25 Apr 2022, 01:37 PM

রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি জাদুঘরে এক বিশেষ অনুষ্ঠানে পূর্বসূরি প্রতিষ্ঠান মিতসুবিশি মাইনিং কোম্পানির হয়ে মিতসুবিশি ম্যাটেরিয়ালের এক প্রতিনিধি এ ক্ষমা প্রার্থনা করেন।

‘অতীতে যে দুঃখজনক ঘটনা ঘটেছে’ তার জন্য গভীর অনুতাপ প্রকাশ করেন তিনি। 

মিতসুবিশি ম্যাটেরিয়ালের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিকারু কিমুরা লস অ্যাঞ্জেলসের সিমন উয়িসেন্থাল সেন্টারের ‘মিউজিয়াম অব টলারেন্সে’ উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন, “আমরা আমাদের অতীতের দুঃখজনক বিষয়গুলোর জন্য আজ অনুতপ্ত-হৃদয়ে ক্ষমা প্রার্থনা করছি।”

দর্শকদের মধ্যে জাপানে দাস শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হওয়া বয়োজ্যেষ্ঠ মার্কিন নাগরিকসহ তাদের ও অন্যান্য মৃত বন্দিদের স্বজনেরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানে ১২ হাজার মার্কিন যুদ্ধবন্দি ছিলেন। যুদ্ধকালীন শ্রমিক সঙ্কট পূরণ করতে এদের সবাইকে জাপান সরকার ও ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলো বলপূর্বক শ্রম দিতে বাধ্য করে।

এদের মধ্যে ১১’শ জনেরও বেশি মারা যান বলে জানিয়েছেন সিমন উয়িসেন্থাল সেন্টারের সহকারী ডিন আব্রাহাম কুপার।

যুদ্ধ চলাকালে জাপানের ছয়টি বন্দিশিবিরের সঙ্গে মিতসুবিশির সম্পর্ক ছিল। এসব বন্দিশিবিরে দুই হাজার ৪১ জন যুদ্ধবন্দি ছিলেন।

অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান এশিয়া পলিসি পয়েন্টের তথ্যানুযায়ী এদের মধ্যে এক হাজারেরও বেশি মার্কিন বন্দি ছিলেন। 

মিতসুবিশি মাইনিং কোম্পানির চারটি খনিতে এসব যুদ্ধবন্দিদের দাস শ্রমিক হিসেবে কাজ করানো হতো। ১৯৪৫ সালে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এসব খনিতে ৮৭৬ জন মার্কিন যুদ্ধবন্দিকে পাওয়া যায়।

পলিসি পয়েন্টের তথ্যানুযায়ী ওই শিবিরগুলোতে ৭২ জন মার্কিন নাগরিক মারা যান।

এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আগ্রাসী ভূমিকার জন্য দেশটির পূর্ববর্তী প্রধানমন্ত্রীরা ক্ষমা প্রার্থনা করলেও ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলো তেমন দুঃখপ্রকাশ করেনি। এই প্রথম জাপানের বড় কোনো শিল্প প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থনা করল।