শতাধিক বাংলাদেশিকে উদ্ধারের দাবি মিয়ানমারের
মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপ থেকে ১০২ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের খবর জানিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, প্রায় এক মাস ধরে ওই দ্বীপে আটকা পড়া লোকগুলি বাংলাদেশের নাগরিক।
মিয়ানমারের নৌবাহিনী থাইল্যান্ড সীমান্তবর্তী তানিনথায়ি দ্বীপ থেকে তাদের উদ্ধার করে বলে মঙ্গলবার ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’র এক প্রতিবেদনে বলা হয়।
ওই প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, গত মে মাসের পর এই প্রথম এত বেশি সংখ্যক অভিবাসীকে উদ্ধার করল মিয়ানমার। মে মাসে আন্দামান সাগর থেকে সাতশ’র বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছিল দেশটির নৌবাহিনী।
কয়েক মাস আগে থাই পুলিশ মালয়েশিয়া সীমান্তের জঙ্গলে মানব পাচারকারীদের গোপন কয়েকটি শিবির খুঁজে পায়। এর পরিপ্রেক্ষিতে থাইল্যান্ড মানবপাচার বন্ধে ব্যাপক অভিযান শুরু করলে অনেক পাচারকারীই ধরা পড়ার ভয়ে অভিবাসী বোঝাই নৌকা সমুদ্রে ফেলে পালিয়ে যায়।
‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’র প্রতিবেদনে বলা হয়, জুনের শেষদিকে ১০২ জন অভিবাসন প্রত্যাশীকে খুঁজে পাওয়া গেছে। তাদের সবাই পুরুষ। ৩০ জুন থেকে ১২ জুলাইয়ের মধ্যে তাদের উদ্ধার করা হয়।
“তারা বাংলাদেশের নাগরিক। জুনের শুরুতে তারা দেশ ছেড়েছিল। নৌবাহিনীর সদস্যরা ওই এলাকায় এখনও তল্লাশি চালাচ্ছে। উদ্ধারকৃতদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।”
তবে উদ্ধারকৃতদের কোথায় রাখা হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।
তবে এ বিষয়ে মিয়ানমার সরকার এখনও কিছু জানায়নি বলে ইয়াংগুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে।
দূতাবাসের উপপ্রধান তারেক মোহাম্মদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা এইমাত্র গণমাধ্যম থেকে অভিবাসী উদ্ধারের খবর পেয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য এখনও আমরা পাইনি।”
মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত পত্রিকা মিয়াওয়াদ্দি জানায়, মিয়ানমারের কর্মকর্তারা ৩০ জুন সাউং গাউক দ্বীপের উপকূল থেকে দুই মাইল দূরে এক ব্যক্তিকে খুঁজে পায়। জুলাইয়ের শুরুতে তারা ওই এলাকায় অভিযান শুরু করে এবং বাকীদের উদ্ধার করে।
বিদেশে গিয়ে বেশি আয়ের আশায় তারা দেশ ছেড়েছিলেন বলে এতে বলা হয়।
ভাগ্য বদলাতে বাংলাদেশ থেকে মাছ ধরার ট্রলারে করে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টার কথা প্রায়ই শোনা যায়। আর মিয়ানমারে জাতিগত বৈষম্যের শিকার রোহিঙ্গারাও দেশ ছেড়ে পালাচ্ছেন, যার সুযোগ নিচ্ছে পাচারকারীরা।
তবে এর আগেও সাগর থেকে উদ্ধার অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করে মিয়ানমার, যদিও তাদের মধ্যে রোহিঙ্গাদের উপস্থিতির বিষয়টি বিশ্বজুড়ে আলোচিত।
