২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরান চুক্তির কাজ হয়েছে ৯৮ শতাংশ’

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর পরমাণু আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। চুক্তির কাজ এরই মধ্যে ৯৮ শতাংশ হয়ে গেছে বলে জানানো হচ্ছে কোনো কোনো কূটনৈতিক সূত্র থেকে ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 12:22 AM

Updated : 25 Apr 2022, 01:36 PM

বিভিন্ন কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে নানা সংস্থাই বলছে, পাকা চুক্তি শিগগিরই দৃষ্টিগোচর হতে পারে। ওদিকে, ভিয়েনা বৈঠকেও আলোচকরা চুক্তি চূড়ান্ত হয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন।

বিবিসি জানায়, আলোচনায় নিয়োজিত দুইজন কূটনীতিক বলেছেন, চুক্তির বিস্তারিত খুঁটিনাটি বিষয়বস্তু নিয়ে রোববারও কাজ চলছে। এখনও এটির ইরান ও ছয় বিশ্বশক্তির পর্যালোচনা বাকী। এরপর সোমবারই চুক্তির ঘোষণা দেয়া হতে পারে।

আরেকজন কূটনতিক জানিয়েছেন চুক্তির বিষয়বস্তু তৈরির কাজ ৯৮ শতাংশ হয়ে গেছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানি কূটনীতিক দুজনই আশা প্রকাশ করে বলেছেন, তারা শেষ পর্যন্ত ম্যারাথন আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছেন বলেই আশা করছেন। চুক্তি হাতের নাগালে চলে এসেছে।

তবে আলোচনার শেষপথে থেকেও বেশ কিছু বিষয় এখনো মীমাংসা হয়নি বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের পরমাণু প্রকল্প বিষয়ে পাকা চুক্তিতে উপনীত হতে চাইছে যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য।

গত বছর নভেম্বরে চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। এপ্রিলে খসড়া চুক্তি হয়। ৩০ জুনের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।