কায়রোর ইতালীয় দূতাবাসে হামলায় আইএস
মিশরের রাজধানী কায়েরোতে ইতালীয় দূতাবাসে চালানো গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) ।
শনিবার দূতাবাসটিতে চালানো ওই হামলায় এক বেসামরিক মিসরীয় নিহত ও অপর ১০ জন আহত হন বলে জানিয়েছেন মিশরীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
আইএস এর দায় স্বীকারে মিশরের সহিংসতা ছড়িয়ে পড়ার ও দেশটির জঙ্গিরা বিদেশীদের বিরুদ্ধেও হামলা শুরু করতে মনস্থ করছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। এর আগে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো জঙ্গিদের হামলার লক্ষ্যস্থল হলেও বিদেশীরা হামলার শিকার হননি।
ইন্টারনেটে প্রকাশ করা এক বিবৃতিতে আইএস বলেছে, “আল্লার রহমতে, ইসলামিক স্টেটের সেনারা কায়রোর কেন্দ্রীয় এলাকায় ইতালীয় কন্স্যুলেটের সদরদপ্তরে ৪৫০ কেজি বিস্ফোরক বহনকারী পার্ক করা একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে।”
“নিরাপত্তার এইসব আস্তানা থেকে মুসলামনদের সরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এগুলো মুজাহিদদের হামলার বৈধ লক্ষ।”
বিস্ফোরণে ইতালীয় দূতাবাস ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণে প্রচণ্ডতায় কায়রো শহরতলীর অন্যান্য ভবনগুলোও কেঁপে উঠে এবং বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকে শোন যায়।
তবে সাপ্তাহিক ছুটির দিন থাকায় ও রমজান মাস চলায় বিস্ফোরণের সময় দূতাবাস এলাকায় লোকজনের তেমন সমাগম ছিল না। ফলে বিস্ফোরণের প্রচণ্ডতার তুলানায় হতাহতের সংখ্যা অপেক্ষাকৃত কম হয়েছে।
বোমা হামলায় ইতালীয় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনটিলোনি। ট্যুইটারে করা এক মন্তব্যে তিনি বলেছেন, “ইতালি ভয় পাবে না।”
