ইরানের সঙ্গে আলোচনায় আরও সময়
পরমাণু প্রকল্প বিষয়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য শেষ চেষ্টা করছে ইরান ও বিশ্ব ছয় শক্তি। চূড়ান্ত চুক্তির জন্য তারা সোমবার পর্যন্ত আলোচনার সময় বাড়িয়েছে।
দুই সপ্তাহের মধ্যে এটা তৃতীয়বারের মতো সময় বৃদ্ধি।
ইরানের পরমাণু প্রকল্প বিষয়ে একটি চুক্তিতে উপনীত হতে চাইছে যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য।
গত বছর নভেম্বরে চুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়। এপ্রিলে খসড়া চুক্তি হয়। ৩০ জুনের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।
চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে এই মুহূর্তে প্রধান বাধাগুলোর একটি হচ্ছে, ইরানের দাবি যদি কোনো চুক্তি হয় তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তাৎক্ষণিকভাবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ২০০৬ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এ বিষয়ে সরাসরি তেহরানকে সমর্থন করছে রাশিয়া। ইরানের কাছে অস্ত্র বিক্রি করে দেশটি।
যেসব বিষয়ে এখনও মতবিরোধ রয়েছে সেগুলো হচ্ছে, ইরানের সামরিক ঘাঁটিগুলোতে কিভাবে নজরদারি করা হবে, অতীতের কার্যক্রমের জন্য তেহরানের কাছ থেকে কিভাবে জবাবদিহি করা হবে এবং কতটা দ্রুতগতিতে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠকের পর টুইটারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, “এখনও বেশ কিছু কঠিন বিষয় রয়ে গেছে যেগুলোর সমাধান করতে হবে।”
দুই সপ্তাহ আগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছানোর পর থেকে প্রায় প্রতিদিনই বৈঠক করেছেন কেরি ও জারিফ।
শনিবারের বৈঠকে ইউরোপীয়ান ইউনিয়নের বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান ফেডেরিকা মঘেরিনিও উপস্থিত ছিলেন।
