কায়রোতে ইতালীয় দূতাবাসে বোমা হামলায় নিহত ১
মিশরের রাজধানী কায়রোতে একটি বড় ধরনের বিস্ফোরণে ইতালীয় দূতাবাস ভবন মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।
শনিবার সকালের এ বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এছাড়া হাসপাতালসূত্রগুলো আরো চারজনের আহত হওয়ার কথা জানিয়েছে।
আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য এবং এক মিশরীয় রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনায় দেশটির এক কর্মকর্তা বিস্ফোরণের কারণ গাড়িবোমা বলে জানিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি।
দূতাবাসটির এক কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাসটি বন্ধ ছিল এবং হামলায় দূতাবাসের কোনো বেসামরিক কর্মী আঘাত পাননি।
শনিবার সপ্তাহ শেষের বন্ধ থাকায় ও রমজান মাস চলায় বিস্ফোরণের সময় দূতাবাসটির আশপাশে তেমন লোকজনের উপস্থিতি ছিল না।
বিস্ফোরণের দূতাবাস ভবনটির প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে মেনা। ওই বিস্ফোরণে কায়রোর শহরতলী এলাকা কেঁপে উঠে আর তা বহুদূর থেকে শোনা যায়।
পশ্চিমা এক কূটনীতিক জানিয়েছেন, ইতালীয় দূতাবাসের সামনে বিস্ফোরণের বিষয়টি তিনি জেনেছেন, কিন্তু হামলাটি দূতাবাস ভবনকে লক্ষ করেই চালানো হয়েছে কিনা তা নিশ্চিত নন তিনি।
গত মাসে মিশরীয় অ্যাটর্নি জেনারেল হিশাম বরকতকেও কায়রোতে বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়েছিল।
কট্টরপন্থী জঙ্গিদের দমনে লড়াই করে যাচ্ছে মিশরের নিরাপত্তা বাহিনী। তকে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের প্রায় পুরোটাই সিনাই উপদ্বীপে সীমাবদ্ধ।
