তৃতীয় আইএস কমান্ডার ড্রোন হামলায় নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে এ সপ্তাহের শুরুর দিকে তৃতীয় একজন ইসলামিক স্টেট (আইএস) কমান্ডার চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হয়েছে বলে জনিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
তারা জানিয়েছেন, কমান্ডার শহীদুল্লাহ শহীদ পাকিস্তানি তালেবানের সাবেক সদস্য ছিলেন। যিনি দল ত্যাগ করে আইএস এ যোগ দিয়েছিলেন। তার কয়েকজন মিত্র ছিল বলে ধারণা করা হয়। নিরপেক্ষ সূত্রে তার মৃত্যু নিশ্চিত হওয়া যায়নি।
কাবুল থেকে বিবিসি’র সংবাদদাতা বলছেন, শহীদ পাকিস্তানি তালেবানের সাবেক মুখপাত্র।
তদন্ত কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার যে ড্রোন হামলায় আরেকজন আইএস কমান্ডার এবং জঙ্গি নিহত হয়েছে সেই একই হামলায় নিহত হন শহীদও।
শহীদের সঙ্গে অন্তত আরো দুজন ঊর্ধ্বতন আইএস সদস্যও নিহত হয়েছে বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা।
