গাজায় আটক হয়েছে দুই ইসরায়েলি, বলছে ইসরায়েল
গাজায় ২ ইসরায়েলি নাগরিক আটক হয়ে আছে। এদের অন্তত একজন হামাসের হাতে বন্দি বলে জানিয়েছে ইসরায়েল।
ইথিওপীয় বংশোদ্ভূত ইসরায়েলি আব্রাহাম ম্যাঙিস্টো গত সেপ্টেম্বরে নিজের ইচ্ছায় ফিলিস্তিনে যান। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, এক ইসরায়েলি আরবও গাজায় আটকে আছে। হামাস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।
হামাস গেরিলারা আটক দুই ইসরায়েলিকে ইসরায়েলের জেলে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির জন্য দরকষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে বলে শঙ্কিত তেল আবিব।
এর আগে গাজার হামাস গেরিলারা গিলাদ শালিত নামক এক ইসরায়েলি সেনাকে ৫ বছর ধরে আটক করে রেখেছিল। ২০১১ সালে তাকে মুক্তি দেয়া হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, তারা ম্যাঙিস্টো কি পরিস্থিতিতে আছেন তা স্পষ্ট করে বোঝার জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর কাছে আবেদন জানিয়েছেন এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, তদন্তে পাওয়া তথ্যানুযায়ী, “ম্যাঙিস্টোকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছে হামাস।” ইসরায়েল তার মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
