আলজেরিয়ায় জাতিগত সংঘাতে নিহত ২২
আলজেরিয়ার মরুশহর গারদাইয়ায় আরব ও আমাজিগ নৃগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাতে অন্তত ২২ জন নিহত হয়েছেন।
কয়েকদিন ধরে চলা এই সংঘর্ষে আরো অন্তত ৩০ জন আহত ও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান, ঘরবাড়িতে আগুন দেয়া হয়েছে বলে বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
দেশটির গারদাইয়া এলাকায় চাকরি, জমিজমা ও বাড়িঘর নিয়ে আরবদের সঙ্গে আমাজিগ নৃগোষ্ঠীর মোজাবাইট বার্বারদের তীব্র প্রতিযোগিতা বিদ্যমান। এই প্রতিযোগিতা প্রায়ই সহিংস প্রাণঘাতী সংঘর্ষের কারণ হয়।
গত রোববার থেকে শুরু হওয়া এবারের সংঘাত গত কয়েক বছরের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়েছে। সোমবার ও মঙ্গলবার রাতেও দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমোদন না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, “ছুঁড়ে মারা পাথরে মাথায় আঘাত লেগেই অধিকাংশের মৃত্যু হয়েছে। গোষ্ঠীগুলোর নেতারা মধ্যস্থতার চেষ্টা শুরু করায় পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি আমরা।”
স্থানীয় হাসপাতালের সূত্রগুলো জানিয়েছে, আহত ১৫ জন মঙ্গলবার মারা যান, বুধবার আরো চারজন মারা যান।
সোমবার গারদাইয়া শহরের নিকটবর্তী ছোট শহর গুয়েরারাতে অপর তিনজন নিহত হন, খবর রাষ্ট্রীয় গণমাধ্যমের।
এসব হামলার ঘটনা নিয়ে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলাজিজ বৌতেফ্লিকা সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেছেন বলে বুধবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
অধিকাংশ মোজাবাইট গারদাইয়া প্রদেশের মরুভূমি এলাকাগুলোতে বসবাস করলেও অনেকে উত্তরাঞ্চলেও বসবাস করেন।
বুধবার প্রায় ৭০ জন মোজাবাইট রাজধানী আলজিয়ার্সে সমাবেশ করে সংঘর্ষ থামাতে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
