২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের হুমকি ঠেকাতে প্রাচীর গড়ছে তিউনিসিয়া

জিহাদি জঙ্গিদের হুমকি ঠেকাতে লিবিয়া সীমান্তে একটি প্রাচীর নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে তিউনিসিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 10:24 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

উপকূল থেকে ভূখন্ডের ভেতরের দিকে ১৬০ কিলোমিটার জুড়ে তৈরি করা হবে এ প্রাচীর। এবছর শেষ নাগাদ এর কাজ শেষ হবে বলে রাষ্টীয় টিভিতে জানিয়েছেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবীব এসিদ।

তিউনিসিার সুস শহরে পর্যটন অবকাশ কেন্দ্রের সৈকতে হামলা চালিয়ে ৩৮ জনকে হত্যাকারী সেই বন্দুকধারী লিবিয়া থেকে জঙ্গি হামলার প্রশিক্ষণ নিয়েছিল বলে ধারণা করা হয়।

গত মাসে এ হামলার পর তিউনিসিয়া জরুরি অবস্থা জারি করে।

প্রধানমন্ত্রী এসিদ জানান, তিউনিসিয়ার সেনাবাহিনী প্রাচীরটি তৈরি করবে। প্রাচীরটির কয়েকটি জায়গায় থাকবে নজরদারি কেন্দ্র।

সুস শহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে। হোটেল এবং সৈকতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ১৪০০’র বেশি সশস্ত্র কর্মকর্তা।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী এসিদ বিবিসি কে বলেছেন, সুস শহরে হামলাকারী সেইফেদ্দিন রেজগুই খুব সম্ভবত আনসার আল-শারিয়া গ্রুপের সঙ্গে লিবিয়ায় প্রশিক্ষণ নিয়েছিলেন। যদিও এর আগে আইএস ওই হামলায় জড়িত থাকার দাবি করেছিল।